শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী নিয়ে জটিলতার কারণে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। এতে দেশটিতে বিপর্যয় আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্স জানায়, জনগণের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেয়ার অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

বারহাম সালিহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে হয়তো কাউকে নিয়োগ দেয়া যাবে। কিন্তু বিক্ষোভকারীরা সেটা মানবে কি না তা নিশ্চিত নয়। বিক্ষোভকারীরা মানবে না এমন কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার চেয়ে পদত্যাগ করা ভালো।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলের বরাত দিয়ে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগ করেছেন। এরইমধ্যে সংসদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

পদত্যাগ বার্তায় প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, ‘আল-বান্না’ জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে।

ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। আর এ পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগের ঘোষণা দিলেন।

অর্থনৈতিক সমস্যার সমাধান ও দুর্নীতি দমনের দাবিতে গত ১ অক্টোবর থেকে ইরাকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে গত ২৯ নভেম্বর দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেন। মাহদির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।