নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে নিহত ৬
ডেস্ক রিপোর্ট : বিতর্কিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে উত্তাল ভারতের উত্তরপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
শুক্রবার উত্তর প্রদেশের বিজনরে ২ জন এবং সাম্ভাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মোট ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। তবে টাইমস অব ইন্ডিয়া মিরাট এলাকায় দু’জন নিহত হয়েছে বলে জানিয়েছে।
উত্তরপ্রদেশের পুলিশ প্রধান ওপি সিং দাবি করেছেন যে, বিক্ষোভকারীদের কেউই পুলিশের গুলিতে নিহত হয়নি, বরং বিক্ষোভকারীরাই পুলিশের ওপর হামলা চালিয়েছে।
এদিকে বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হলেও জুমার নামাজের তা ব্যাপক আকার ধারণ করে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরও নামাজের পর উত্তর প্রদেশের ১৩টি জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। বড় জমায়েত ও পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ লাঠি চার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা গাড়ি ভাঙচুর ও ইট-পাটকেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, মিরাট, মুজাফফরনগর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড়, ফারাক্কাবাদে সংঘর্ষ ও সহিংসতার কথা জানা গেছে।
সংবাদ সংস্থা এএনআই’র প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রায়ট গিয়ার পরিহিত অবস্থায় রয়েছে পুলিশ। তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ছে। পুলিশকে লক্ষ্য করে চিৎকার করতেও দেখা গিয়েছে। শুরুতে নীরব থাকলেও পরে পুলিশকেও পাল্টা পাথর ছুঁড়তে দেখা গিয়েছে।
এর আগে আসামে বিতর্কিত এই আইনের বিরুদ্ধে বিক্ষোভে ছয় জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে চার জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫ জন নিহতের খবর জানা গেলো। এছাড়া আটক করা হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারীকে। আটককৃতদের মধ্যে রাজনীতিক, ইতিহাসবিদসহ বিশিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।











