‘মেড ইন বাংলাদেশ’ ৩ দেশে চলছে
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের ছবি ‘মেড ইন বাংলাদেশ’। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে এই ছবিটিতে।
রুবাইয়াত হোসেন পরিচালিত ছবিটি বাংলাদেশ মুক্তি পেয়েছিলো ডিসেম্বরের ৪ তারিখ। প্রথম সপ্তাহের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে ফ্রান্স, ডেনমার্ক ও পর্তুগালে ৭০ প্রেক্ষাগৃহে দ্বিতীয় চলছে ছবিটি।
ফ্রান্সে প্রথম সপ্তাহে ৫৩ টি সিনেমা হলে মুক্তি পাওয়ার পর এ সপ্তাহে ফ্রান্সের ৬২টি, ডেনমার্কের ৭টি এবং পর্তুগালের ১টি হলে চলছে ‘মেড ইন বাংলাদেশ’। আসছে জানুয়ারিতে ছবিটি প্রদর্শিত হবে উত্তর আমেরিকার পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।











