বিপিএলে দল পাননি আশরাফুল
স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে বিপিএলের গত আসরে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। চট্টগ্রাম ভাইকিংসে খেলা এ ব্যাটসম্যান জায়গা পাননি বঙ্গবন্ধু বিপিএলে। খেলোয়াড় ড্রাফটে তাকে নেয়নি কোনো দল।
তিন আসর পর গত বিপিএলে ফিরে তিনটি ম্যাচ খেলার সুযোগ পান আশরাফুল। করেন মাত্র ২৫ রান।
দল না পাওয়া স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উল্ল্যেখযোগ্য নাম ইবাদত হোসেন, জুবায়ের হোসেন লিখন, জিয়াউর রহমান, তানবীর হায়দার।
এবার ড্রাফট থেকে দল পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম পেসার হাসান মাহমুদ, আমিনুল ইসলাম বিপ্লব, মিনহাজুল আবেদীন আফ্রিদি, ফারদিন হাসান অনি, আলিস আল ইসলাম।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে মাথায় রেখে চলতি বছরের আসরের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।
এবারের বিপিএলে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। নিলামের তালিকায় দেশি ১৮১ জন ও বিদেশি ৪৩৯ জন ক্রিকেটারের নাম জমা পড়েছিল। সেখান থেকে আজ রোববার প্লেয়ার্স ড্রাফটে দল গুছিয়ে নিচ্ছে সবাই। ড্রাফটের ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বর্তমানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার নাম মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।











