রাখাইনে হেলিকপ্টার হামলা, কয়েক ডজন সেনা-পুলিশ নিহত
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলছে, তারা কয়েকডজন সেনা, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাকে অপহরণ করেছিলেন একটি নৌযান থেকে। কিন্তু সরকারি বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় অপহরণকৃতদের অধিকাংশই মারা গেছেন।
দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের অধিকতর স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে লড়াই করছে আরাকান আর্মি। রোববার আরাকান আর্মির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, অপহরণকৃত সেনা, পুলিশ ও বেসামরিক কর্মকর্তাদের তিনটি নৌকায় করে একটি স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
রোববার রাতে মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, অপহৃতদের উদ্ধার তৎপরতার অংশ হিসেবে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় স্থলভাগ থেকে ছোড়া গুলিতে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত এবং ক্রু সদস্যরা আহত হয়েছেন। তবে অভিযান চালিয়ে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে মিয়ানমার সেনাবাহিনী।
দুই সপ্তাহ আগে রাখাইনে দেশটির একটি খেলোয়াড় দলের বাসে হামলা চালিয়ে এক ডজনের বেশি ফায়ার সার্ভিস কর্মী ও বেসামরিক নাগরিককে অপহরণ করে সন্দেহভাজন বিদ্রোহীরা। এই হামলার রেশ কাটতে না কাটতেই দেশটির সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অপহরণের ঘটনা ঘটে।
সূত্র : দ্য ইরাবতি, আলজাজিরা।











