এখন আর কোনো চাপ অনুভব করেন না প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : আত্মবিশ্বাসী অভিনেত্রী ও প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এখন তিনি কোনো চাপ নেওয়া ছাড়াই দায়িত্ব নেন, নিজের কাজটি করে যান। প্রিয়াঙ্কা বলেছেন, শটের ক্ষেত্রে, পছন্দ নির্ধারণের ক্ষেত্রে ও কাজের ক্ষেত্রেও তিনি এখন আর কোনো চাপ অনুভব করেন না।
সাবেক এ বিশ্বসুন্দরী ‘দি হিরো : লাভ স্টোরি অব এ স্পাই’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন। ‘এইতরাজ’, ‘ডন’, ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’ ও ‘বরফি’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে তাক লাগিয়ে দেন। এখন তিনি অভিনেত্রীই নন, প্রযোজকও; ‘ভেন্টিলেটর’ ও ‘পানি’র জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার সবশেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্র তিনি। সোনালি বোস পরিচালিত এ ছবির প্রযোজক তিনি। দ্বৈত ভূমিকায় কাজ করতে গিয়ে কোনো চাপ অনুভব করেন প্রিয়াঙ্কা?
বার্তা সংস্থা আইএএনএসকে প্রিয়াঙ্কা বলেন, অনেক বছর আগে তিনি চাপ অনুভব করতেন। এখন কোনো চাপ নেন না। একটা জায়গায় এসে তিনি চাপ নেওয়া থামিয়ে দেন—যখন তিনি কাজ নির্বাচন করেন, যখন কোনো কাজে কারো ওপর নির্ভর করতে হয় না। আর এ নির্ভার অবস্থা তাঁর এসেছে গত চার-পাঁচ বছর ধরে।
এ সময় একটা ‘সত্য’ প্রকাশ করেন প্রিয়াঙ্কা চোপড়া। বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে কোনো ছবিতে কাস্টিংয়ের ক্ষেত্রে একজন নারী অভিনয়শিল্পীকে অনেকের ওপর নির্ভর করতে হয়, প্রমাণ করতে হয় নিজেকে। ‘এটা সত্য। শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্য,’ জোর দিয়ে বলেন প্রিয়াঙ্কা।
আত্মবিশ্বাস থেকেই প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা। এখন যেমনটা চান, তেমন ছবি বানানোর সক্ষমতা তাঁর রয়েছে।
প্রিয়াঙ্কা আরো জানান, চ্যালেঞ্জিং ছবি পছন্দ করেন তিনি। ফিকশনের পাশাপাশি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ছবি পছন্দ তাঁর। এমন কিছুই ভালোবাসেন প্রিয়াঙ্কা, যাতে অভাবনীয় অভিজ্ঞতা হয়; সেটে গিয়ে যেন নার্ভাস হয়ে যান। নিজের ছবির দৃশ্য দেখে যেন বলে উঠতে পারেন, ‘ওহ মাই গড! কী করতে চলেছি আমি?’
আগামীতে প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দি হোয়াইট টাইগার’ ও ‘উই ক্যান বি হিরোস’ সিনেমায় দেখা যাবে। বলিউডের চাইতে এখন হলিউডের দিকেই মনোযোগ বেশি তাঁর।











