ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ, একদিনে নিহত ৪০
ইরাকের রাজধানী বাগদাদে ফের নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। শুধু বাগদাদ নয় দেশের অন্যান্য শহরেও এই বিক্ষোভ ছড়িয়ে পড়ায় একদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৪০ জনে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ৪০ জন নিহতের কথা বললেও দেশটির সরকারি সূত্র তা ৩০ বলে জানিয়েছে।
ব্যাপক দুর্নীতি, গণহারে বেকারত্ব এবং নাগরিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে দেশটির মানুষ বিশেষ করে তরুণরা ইরাকের রাজপথে প্রথম দফায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু করে। তারা এসব সমস্যার সমাধান চায়। কিন্তু সরকারি নিরাপত্তা বাহিনীর বিক্ষোভ দমনাভিযানে দেড় শতাধিক মানুষ নিহত হয়।
ইরাকের মানবাধিকার কমিশনার ও একজন পর্যবেক্ষক গতকাল শুরু হওয়া দ্বিতীয় দফার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, গতকালের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই হাজারের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে মধ্য বাগদাদের তাহরির স্কোয়ারে জমায়েতে হতে শুরু করেন শত শত মানুষ। কংক্রিটের দেয়াল ঠেলে তাদের কেউ কেউ গ্রিন জ়োনে ঢোকার চেষ্টা করছিলেন। ওই অংশে ইরাকের পার্লামেন্ট এবং মার্কিন দূতাবাসসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস রয়েছে।











