মালয়েশিয়ার পামওয়েল কিনবে না ভারত
অনলাইন ডেস্ক : কাশ্মীরে নিপীড়িত মুসলমানদের পক্ষাবলম্বন করায় মালয়েশিয়াকে একঘরে করার পরিকল্পনা নিয়েছে ভারত। এ জন্য মালয়েশিয়া থেকে পাম ওয়েল কেনা বন্ধের পরিকল্পনা করছে দেশটি।
ইতিমধ্যে মালয়েশিয়া থেকে পাম ওয়েল কিনতে মুম্বাইয়ের একটি প্রভাবশালী তেল প্রক্রিয়াজাত গোষ্ঠী সদস্যদের নিষেধ করেছে।
ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়া থেকে উদ্ভিজ্জ তেল আমদানিতে লাগাম টানতে পারেন বলে কয়েকদিন ধরেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এরপর থেকেই ভারতীয় ক্রেতারা ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন বলে জানা গেছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম ওয়েল উৎপাদক দেশ হিসেবে মালয়েশিয়ার ব্যাপক পরিচিতি রয়েছে। অন্যদিকে ভারত এ তেলের বৃহত্তম ক্রেতা।
সোমবার এক বিবৃতিতে সলভেন্ট এক্সট্রাকটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া তার সদস্যদের মালয়েশিয়া থেকে মুখ ফেরাতে নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
সংস্থাটি জানিয়েছে, বিপুল পাম ওয়েলের আমদানিকারক হিসেবে ভারত ও মালয়েশিয়ার মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের ক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতা আছে। নিজেদের স্বার্থ এবং দেশের সঙ্গে সংহতির অংশ হিসেবে আমাদের উচিত কিছু সময়ের জন্য মালয়েশিয়া থেকে পণ্য ক্রয় এড়িয়ে যাওয়া।
সংস্থাটির নির্বাহী পরিচালক বি ভি মেহতা জানান, ঘাটতি মেটাতে ভারতীয় পাম ওয়েল প্রক্রিয়াজাত কোম্পানিগুলোকে ইন্দোনেশিয়া, ইউক্রেন ও আর্জেন্টিনার দিকে নজর দিতে পরামর্শ দেয়া হয়েছে।
উদ্ভিজ্জ এ তেলটি মালয়েশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি রপ্তানি পণ্য হিসেবে পরিচিত। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তারা ভারতে প্রায় ৩৯ লাখ টন পাম ওয়েল রফতানি করেছে, যার বাজার মূল্য ২০০ কোটি ডলার।
ভারতীয় ক্রেতারা আমদানি বন্ধ করলে মালয়েশিয়ার পাম ওয়েল শিল্পখাত বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বছরের শুরুতে নয়া দিল্লি শুল্ক তুলে নেওয়ায় এ নয় মাসে মালয়েশিয়া ভারতে যে পরিমাণ পাম ওয়েল রপ্তানি করেছে তা গত বছরের দ্বিগুণেরও বেশি।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটিতে দীর্ঘদিন যোগাযোগ অচলাবস্থা আরোপ করেছিল বিজেপি সরকার। সেখানে সহিংসতায় বেশ কয়েকজন কাশ্মীরি নিহত হয়েছেন। অধিকাংশ রাজনীতিবীদ, শিশুসহ বহু কাশ্মীরিকে কারাগারে আটক করা হয়েছে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে অধিকৃত কাশ্মীরে ভারতের দখলদারিত্ব ও নৃশংসতার সমালোচনা করেছেন মাহাথির মোহাম্মদ। সেখানে তিনি শান্তিপূর্ণ উপায়ে ভারত-পাকিস্তানকে কাশ্মীর সংকট সমাধানের আহ্বান জানিয়েছিলেন।
তার ওই বক্তব্যের পর ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকরা সামাজিক মাধ্যমে বয়কট মালয়েশিয়া প্রচার চালিয়েছেন।
তবে মাহাথির বলেন, জাতিসংঘে তার দেয়া ভাষণের প্রেক্ষাপটে ভারত সরকারের পক্ষ থেকে কোনো বার্তা তাদের কাছে আসেনি।











