সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম রিমান্ডে

news-image

অনলাইন ডেস্ক : আইএনএক্স মিডিয়া সম্পর্কিত দুর্নীতি মামলায় ভারতের প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন সেন্ট্রাল বিউরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালত। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের বক্তব্য শুনে এই রায় দেন বিচারক।

মামলার বিচারকের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পরিবার ও আইনজীবীরা চিদাম্বরমের সঙ্গে দিনে আধ ঘণ্টা দেখা করার সুযোগ পাবেন। জেরা করার সময় তার ব্যক্তিগত সম্মানহানি যেন না হয়, তদন্তকারীদের সে দিকে খেয়াল রাখার পরামর্শ দেন বিচারক।

বৃহস্পতিবার চিদাম্বরমকে আদালতে তোলার পর সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জেরা করেন। চিদাম্বরমকে হেফাজতে নেওয়ার গুরুত্ব বোঝান তুষার। পাশাপাশি তার অভিযোগ, তদন্তে সাহায্য করছেন না সাবেক অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘তিনি চুপ থাকতেই পারেন। ওটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু প্রশ্ন করলে ঘুরিয়ে উত্তর দিচ্ছেন।’

তুষার মেহতা আরও বলেন, ‘চিদাম্বরমকে হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরি। চার্জশিট কার্যত প্রস্তুত। তার সঙ্গে অন্যান্য অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে তদন্ত করতে চান সিবিআই ও ইডির আধিকারিকরা। এর পরই পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তুষার মেহতা।

সলিসিটির জেনারেলের প্রশ্নে চিদাম্বরমের আইনজীবী কপিল সিব্বল জানান, এই মামলায় অভিযুক্ত সবাই এখন জামিনে রয়েছেন। মূল অভিযুক্ত কার্তি চিদাম্বরম, আইএনএক্সের কর্ণধার পিটার ও ইন্দ্রাণী মুখার্জিও জামিনে রয়েছেন বলে জানান কপিল সিব্বল। চিদাম্বরমের ক্ষেত্রে গ্রেপ্তারের কী প্রয়োজন প্রশ্ন তোলেন তিনি।

কপিল আরও জানান, আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র চিদাম্বরমের একার ছিল না। ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড এই সিদ্ধান্ত নেয়। তিনি ওই বোর্ডের প্রধান হলেও আরও ছয় সচিবের ভূমিকা রয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তারের করা হয়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল বুধবার সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় এর আগে তার ছেলে কার্তি চিদাম্বরমকে ২৩ দিনের জন্য কারাবাস করতে হয়। এই কেলেঙ্কারিতে বেশকিছু হাই প্রোফাইল লোকজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে। মিডিয়া ব্যবসায়ী পিটার মুখোপাধ্যায় ও তার স্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতো কারাবন্দী অভিজাতদের নাম উঠে আসছে। দুজনই হত্যা মামলায় জেলে আছেন।

কী এই আইএনএক্স মামলা?

পিটার ও ইন্দ্রানী মুখার্জির মালিকানাধীন আইএনএক্স মিডিয়া ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের (এফ আইপিবি) মাধ্যমে মরিশাসের দুই নাগরিকের কাছ থেকে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সুযোগ পায়। ৪ কোটি ৬২ লাখ টাকা সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়। কিন্তু আইএনএক্সের অন্য একটি সংস্থা আইএনএক্স নিউজ প্রাইভেট লিমিটেডকে এফডিআই-এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ টানার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু অভিযোগ উঠেছে, অনুমতির তোয়াক্কা না করে আইএনএক্স বিদেশি সংস্থার থেকে বিনিয়োগ গ্রহণ করে এবং তাদের নিজের শেয়ারও বিক্রি করে। পরে মামলা করে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ কী?

২০০৭ সালে চিদাম্বরাম অর্থমন্ত্রী ছিলেন। অভিযোগ আছে সেই সময় এফইপিবি-এর মাথায় বসে তিনি আইএনএক্স-কে বেআইনি কাজকর্ম করতে দিয়েছিলেন। আইএনএক্স এর মালিক ইন্দ্রানী মুখার্জি সিবিআই জেরার মুখে স্বীকার করেছিলেন, ২০০৮ সালে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি আইএনএক্স মিডিয়ার জন্য সেরা ‘ডিল’ করতে পেরেছিলেন। সিবিআই অভিযোগ জানিয়েছে, আইএনএক্সের বিরুদ্ধে তদন্ত করতে বিকল্পে চিদাম্বরম তাদের এফডিআই-এর জন্য পুনরায় আবেদন করতে বলেন।

চিদাম্বরমের ছেলে কার্তি কেন অভিযুক্ত?

চিদম্বরামপুত্র কার্তি পুরো বিষয়টি নিয়ে আইএনএক্স-কে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি অর্থমন্ত্রণালয় এবং আইএনএক্স-এর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে থাকেন। কার্তির কোম্পানি চেস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের দ্বারস্থ হন ইন্দ্রানী মুখার্জি। তদন্তে সিবিআই জানতে পারে, ইন্দ্রানী কার্তিকে ১০ লাখ ডলার দেবে বলে চুক্তি করেছে। একটি কোম্পানির নামে কয়েক লাখ টাকার চেক পাওয়া যায়। ওই কোম্পানি মালিক কার্তি না হলেও তিনি ওই কোম্পানির সঙ্গে যুক্ত। সিবিআই আরও অভিযোগ করে, পুরো লেনদেনে তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরম কেও ‘পার্টি’ করা হয়।

কেন গ্রেপ্তার হলেন চিদাম্বরম?

দিল্লি হাইকোর্ট সম্প্রতি চিদাম্বরমকে অন্তর্বর্তী জামিন দিতে অস্বীকার করে। আদালত বলেন, চিদাম্বরমই এই মামলার মূল অভিযুক্ত। তারপর সব আশা জলে যায় ইউপিএ’র এই গুরুত্বপূর্ণ ব্যক্তির।

ইএনএক্স মিডিয়া মামলায় গতকাল বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমকে তার বাড়ি থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআইয়ের সদরদপ্তরেই রাত কাটিয়েছেন সাবেক অর্থমন্ত্রী। তাকে সিবিআই ভবনের ‘লকআপ স্যুট থ্রি’-তে রাখা হয়। ২০১১ সালে এই লকআপটি তার উপস্থিতিতেই উদ্বোধন করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে