ফের বিয়ে করলেন ‘দ্য রক’
দীর্ঘ এক যুগের প্রেমের পরিণতি হিসাবে অবশেষে বিয়ে করলেন ‘দ্য রক’ নামে পরিচিত বহুল জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি জীবনসঙ্গী লরেন হাসিয়ানের সঙ্গে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে সাবেক এ রেসলার জানান, গত ১৮ আগস্ট হাওয়াই দ্বীপেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের।
ডোয়াইন এবং লরেন- দুজনের এটি দ্বিতীয় বিয়ে। আগের ঘরে সংসারে উভয়েরই সন্তান আছে। ৪৭ বছর বয়সী ডোয়াইনের আছে ১৮ বছর বয়স্ক কন্যা সিমন। আর ৩৪ বছরের লরেনের আছে দু’টি কন্যা সন্তান। যার মধ্যে জেসমিনের বয়স ৩ ও টিয়ানার বয়স মাত্র এক বছর।
ডোয়াইন জনসনের সাবেক স্ত্রী প্রযোজক ড্যানি গ্রাসিয়া। ১৯৯৭ সালে তাদের বিয়ে হয়। ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তার পরপরই লরেনের প্রেমে পড়েন ডোয়াইন। এক যুগ প্রেমের এ সম্পর্কের পরিণতিই ঘটলো অবশেষে।










