প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন বাংলাদেশ ক্রিকেটার সাব্বির রহমান
অনলাইন ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপের আগেই নতুন জীবনে পা রেখেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান। চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন এই ক্রিকেটার। কিন্তু টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি।
আগামীকাল শনিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হলুদ দিয়ে শুরু হবে সাব্বিরের বিয়ের অনুষ্ঠান। পরের দিন কনেপক্ষের বাড়িতে যাবে বরযাত্রী। ২০ তারিখ হবে বৌভাত। পরে স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি। সেখানে ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠানের বন্দোবস্ত করবেন।
সে উপলক্ষে আজ শুক্রবার বাবা-মাসহ গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দাওয়াতপত্র তুলে দেন এই ক্রিকেটার। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ের অনুষ্ঠানের জন্য এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন তিনি।










