মাশরাফি নেই কন্ডিশনিং ক্যাম্পে
স্পোর্টস ডেস্ক : আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে আগামী রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নেবেন ৩৫ খেলোয়াড়। তবে এতে রাখা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিানয়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাশরাফি কন্ডিশনিং ক্যাম্পে থাকছে না। যেহেতু সে টেস্ট ও টি-টোয়েন্টি খেলে না। এটা ঠিক, ওর থাকার কথা ছিল। এখন ওকে আর রাখছি না। যদি ওয়ানডে সিরিজ হতো তাহলে রাখতাম। ওয়ানডে হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’
এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘ওর সঙ্গে কথা হয়নি, ঈদের ছুটি কাটিয়ে আসুক আগে।’
রোববার থেকে শুরু বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প চলবে ২৭ আগস্ট পর্যন্ত। এতে প্রথমে যোগ দেবেন ২৪ ক্রিকেটার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের অনুশীলন শুরু ২৮ আগস্ট থেকে। কন্ডিশনিং ক্যাম্পের বাকি ১১ খেলোয়ায় বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের হয়ে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিমের বিপক্ষে।











