বাবাকে দেখতে গিয়ে গ্রেপ্তার মরিয়ম নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা জাতীয় তদন্ত ব্যুরো (ন্যাব)। আজ বৃহস্পতিবার লাহোরের কোট লাখপাত কারাগারে বাবা নওয়াজ শরীফের সঙ্গে দেখা করে ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।ন্যাবের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশটির শীর্ষ গণমাধ্যম ‘ডন’ এ তথ্য জানিয়েছে।
ন্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারাধীন চৌধুরী সুগার মিলের একটি দুর্নীতির মামলায় সংশ্লিষ্টতার দায়ে মরিয়ম নওয়াজ এবং তার চাচাতো ভাই ইউসুফ আব্বাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মরিয়ম নওয়াজকে ন্যাবের প্রধান কার্যালয়ে নেওয়া হচ্ছে।ন্যাবের চেয়ারম্যানের নির্দেশে চিকিৎসকদের একটি দল তাদের দুজনের মেডিকেল চেকআপ সম্পন্ন করবেন। আগামীকাল শুক্রবার লাহোরে ন্যাবের আদালতে তাদের দুজনকে তোলা হবে।
চৌধুরী সুগার মিলের দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ন্যাবের হাজিরা দেওয়ার কথা ছিল সাবেক পাক প্রধানমন্ত্রীর কন্যার। কিন্তু সেখানে হাজির না হয়ে লাহোরের কোট লাখপাত কারাগারে বাবা নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখান থেকে ফেরার পথে ন্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।পিএমএল-এনের একটি সূত্র মরিয়ম নওয়াজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাবে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
এদিকে, সাবেক পাক প্রধানমন্ত্রীর মেয়ে ও পিএমএল-এনের সহসভাপতি মরিয়মকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ শুরু করেছে দলটির সাংসদ ও কর্মী-সমর্থকরা।










