হ্যাজার্ডে মান বাঁচালো রিয়াল
স্পোর্টস ডেস্ক : প্রীতি ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব রেড বুল জাল্টসবুয়াকের বিপক্ষে মান বাঁচানো এক জয় পেয়েছে স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত জুনে ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়ালে যোগ দেয়া এডেন হ্যাজার্ডের করা লক্ষভেদে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
বুধবার (৭ আগস্ট) রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ১৯ মিনিটে করিম বেনজেমার দ্রুত বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে ডান প্রান্ত থেকে ডান পায়ের জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।
এই নিয়ে প্রাক-মৌসুমে টানা দ্বিতীয় জয় পেল রিয়াল গত সপ্তাহে আউদি কাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ফেনেরবাচকে ৫-৩ গোলে হারিয়েছিল তারা। এর আগের চারটি প্রীতি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছিল লস ব্লাঙ্কোসরা।










