ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সিরিজ জয়
স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লাউডারহিলে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় ভারত। শনিবার প্রথম ম্যাচটা তারা জিতেছিল ৪ উইকেটে। মঙ্গলবারের তৃতীয় ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।
এদিন টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় ভারত। আগের ম্যাচটি লো-স্কোরিং হলেও এদিন প্রথম ইনিংসে ভারত বড় পুঁজি গড়ে। ৫ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ গড়ে। ওপেনার রোহিত শর্মা সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন। এ ছাড়া বিরাট কোহলি ২৮ ও শিখর ধাওয়ান করেন ২৬ রান। ক্যারিবীয়দের পক্ষে ২টি করে উইকেট নেন ওশানে থমাস ও শেলডন কটরেল।
জবাব দিতে নেমে মাত্র ৮ রানেই ইভিন লুইস ও সুনিল নারিনের উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর রোভমান পাওয়েলের ব্যাটে এগোতে থাকে উইন্ডিজ। তবে রানের গতি ছিল ধীর। পাওয়েল ফেরেন ৫৪ রান করে।
ক্যারিবীয়রা ১৫.৩ ওভারে ৫ উইকেটে ৯৮ রান করার পর বৃষ্টি হানা দেয়। পরে আর খেলা মাঠে গড়াতে পারেনি। ডাকওয়ার্থ লুইস মেথডে ২২ রানে জয়ী হয় ভারত।










