সেই আলিম দার; অ্যাশেজেও চলছে ভুল আম্পায়ারিং!
বিশ্বকাপে তুমুল সমালোচনার পরও ভুল আম্পায়ারিং নিয়ে কোনো উদ্যোগ নেয়নি আইসিসি। যার প্রভাব পড়েছে চলতি অ্যশেজ সিরিজেও। টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজের প্রথম দিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ দুর্দান্ত সেঞ্চুরি করলেও মাঠে সেরা খেলা দেখিয়েছেন আম্পায়াররাই। একই দিনে মোট ৭ বার ভুল সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন পাকিস্তানের অভিজ্ঞ আম্পায়ার আলিম দার এবং জয়েল উইলসন জুটি।
সেই ৭ সিদ্ধান্তের মধ্যে ৫টি সিদ্ধান্তই ডিএরএসের মাধ্যমে বদল করা সম্ভব হলেও দুটি সিদ্ধান্ত অপরিবর্তিতই থেকে গিয়েছে। তাদের এই অভিনব পার্টনারশিপে আলিম দার চারটি এবং জয়েল উইলসন নিয়েছেন তিনটি ভুল সিদ্ধান্ত। এতে প্রভাবিত হয়েছেন অস্ট্রেলিয়ার মোট ৬ জন ব্যাটসম্যান। তারা হলেন ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, জেমস প্যাটিনসন এবং পিটার সিডেল। এদের মধ্যে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেটটি নিয়ে এক প্রকার ছেলেখেলা করলেন অভিজ্ঞ আম্পায়ার আলিম দার।
প্রথম ইনিংসের প্রথম বলেই ওয়ার্নারের ব্যাটে লেগে কিপার ক্যাচ ধরলেও আউট দেননি তিনি। এরপর তৃতীয় ওভারে স্টুয়ার্ট বর্ডের বলে এলবিডাব্লিউ হন ওয়ার্নার। পরে দেখা যায় এটাও আম্পায়ার আলিম দারের ভুল সিদ্ধান্ত। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও বারবারই খারাপ আম্পায়ারিংয়ের উদাহরণ দেখা গেছে। যার শীর্ষে ছিলেন আলিম দার এবং কুমার ধর্মসেনা। এমনকি বিশ্বকাপের হাড্ডাহাড্ডি ফাইনালেও অভিজ্ঞ কুমার ধর্মসেনা ওভার-থ্রোতে পাঁচের বদলে ৬ রান দিয়ে ইংল্যান্ডের হাতে কাপ তুলে দিয়েছিলেন।










