পবিত্র হজ পালন করতে শুক্রবার সৌদি যাচ্ছেন সাকিব
স্পোর্টস ডেস্ক : আগামীকাল শুক্রবার হজে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বনানীর বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত হন সাকিব। সেখানে তিনি বলেন, আগামীকাল শুক্রবার হজে যাচ্ছি ইনশাআল্লাহ। হজ শেষে দেশে ফেরার পর আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা সিরিজ আছে। আশা করছি ফিট থাকলে সেই সিরিজে খেলব।
গত বছর সৌদি সরকারের আমন্ত্রণে স্ত্রী-কন্যাকে নিয়ে হজ করতে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এ বছর গর্ভধারিণী মা শিরীন আক্তারকে সঙ্গে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা এ ক্রিকেটার। সাকিব গেল বছর হজে যান সৌদি রাজপরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। ফলে আর ১০ জনের মতো দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতো হাতেগোনা ৭-৮ দিন হজ পালন করেন তিনি।
তবে এ বছর নিজের মতো করে হজ করবেন সাকিব। সঙ্গে নিয়ে যাবেন মমতাময়ী মাকে। আগামীকাল শুক্রবার সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।










