কুয়েতে তে পবিত্র ঈদুল আজহা ১১ আগস্ট
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ছুটি শুরু হচ্ছে ১০ই আগস্ট শনিবার থেকে ১৩ই আগস্ট মঙ্গলবার পর্যন্ত মোট চার দিন। বিশেষজ্ঞরা বলছেন, সেখানে ঈদুল আযহা ১১ই আগস্ট হওয়ার সম্ভবনা বেশি। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। তবে আগামী ১১ আগস্ট মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল-আজহা পালিত হবে। দেশটির আবহাওয়া অধিদফতরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কুয়েতের আবহাওয়াবিদ আদেল আল সাদোন কুনাকে বলেছেন, দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী ১১ আগস্ট (রোববার)। সৌদি আরবেও একই দিনে পবিত্র ঈদুল আজহা পালন করা হতে পারে। তিনি বলেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।
এদিকে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২২ জুলাই থেকে সৌদি স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিনের ছুটি পালন করবে স্টক এক্সচেঞ্জ। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এই উৎসব বাংলাদেশে পালিত হয়।










