ইংল্যান্ড অধিনায়কও বললেন ফাইনালের ফল ‘ন্যায্য হয়নি’
সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের রেশ যেন এখনো শেষ হয়নি। নির্ধারিত ওভার শেষে রান সমান, সুপার ওভারেও সমান! শ্বাসরূদ্ধকর সেই ফাইনালের ফল নির্ধারণ করা হলো কি-না বাউন্ডারির হিসাব করে।এতে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হলেও ফলটা ন্যায্য ছিল বলে মনে করেন না দলটির অধিনায়ক ইয়ন মর্গান।
সম্প্রতি ইংলিশ সংবাদ মাধ্যম টাইমসের সঙ্গে আলাপকালে এমনটাই জানান ইংল্যান্ড অধিনায়ক, “দুটি দলের মধ্যে যখন সামান্যই পার্থক্য তখন এমন ফল ন্যায্য ছিল বলে আমি মনে করি না। যেকোনো একটি দল জিতে যেতে পারত। ফাইনালে দু’টি দল প্রায় একই রকম পারফর্ম করেছে। কিন্তু এভাবে জিতব এটা আমিও আশা করিনি। এই জয় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।”
“জয়-হারের মধ্যে খুব সামান্যই তফাত ছিল। জেতা অবশ্যই কঠিন ছিল, কিন্তু হেরে যাওয়া আরও কঠিন ছিল সেই মুহূর্তে। আমি উইলিয়ামসনকে বলেছি, আমরা ম্যাচ তোমাদের হাতে অনেক সময় তুলে দিয়েছিলাম। কিন্তু তোমরা সেই সুযোগ নিতে পারোনি।” মর্গান জানান, ম্যাচটি তিনি আজীবন মনে রাখবেন। কারণ এই ম্যাচ সর্বকালের সেরার তালিকায় ফেলা যায়। এই রকম টানটান ম্যাচ আর হয়ত দেখা যাবে না।










