‘জয় শ্রীরাম’ না বলায় এবার মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা
ডেস্ক রিপোর্ট।। এবার ভারতে কয়েকজন মাদ্রাসাছাত্রকে ‘জয় শ্রীরাম’ স্লোগান না দেয়ায় ঘটনায় মারধর করার অভিযোগ ওঠেছে। ভারতের উত্তরপ্রদেশে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর থেকেই ওই শহরটিতে হিন্দু-মুসলিম সম্প্রদায় পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শনের পর থেকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই শহরে ব্যাপক পুলিশ আর বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
উত্তরপ্রদেশের উন্নাও জেলার দারুল উলুম মাদ্রাসা পরিচালক মো. নাঈম জানান, তার মাদ্রাসার ছাত্রদের জোর করে ‘জয় শ্রীরাম’ বলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই স্লোগান দিতে অস্বীকার করায় তাদের ব্যাপক মারধর করা হয়। ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জি আই সি ময়দানে কয়েকজন ছাত্র ক্রিকেট খেলতে গিয়েছিল। ১২-১৪ বছরের কয়েকজন ছাত্র যখন ওই মাঠে খেলছিল, সেখানে কয়েকজন ব্যক্তি হাজির হয়ে ব্যাট কেড়ে নিয়ে `জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার জন্য জোরাজোরি করতে থাকে। আমাদের ছাত্ররা ‘জয় শ্রীরাম’ বলতে অস্বীকার করে। তখন ওই ক্রিকেট ব্যাট দিয়েই ছাত্রদের আক্রমন করে তারা। এতে কয়েকজন ছাত্রের মাথা ফেটে যায়।
মাদ্রাসা পরিচালকের এমন অভিযোগে পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এরমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুইজনকে আটকের পর হিন্দুত্ববাদী সংগঠনগুলো পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, এক তরফা ভাবে তাদের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।
এর আগে ভারতে এক মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল। গত ১৮ জুন দুই সঙ্গীর সঙ্গে জামশেদপুরে যাচ্ছিলেন তবরেজ আনসারি নামে এক যুবক। অভিযোগ রয়েছে, ঝাড়খণ্ডের খারসাওয়ান দিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে। সুযোগ বুঝে পালিয়ে যায় তার দুই সঙ্গী। এরপরই উন্মত্ত জনতার রোষের শিকার হন তিনি। বেধড়ক মারধরের পর তাকে ‘জয় শ্রীরাম’ বলতেও বাধ্য করা হয়। তবে রেহাই মেলেনি তারপরেও। প্রায় ১৮ ঘণ্টা বেঁধে রেখে অকথ্য অত্যাচার করা হয়। পরে হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় তার।










