সরকারের কাজের সমালোচনা করলেই দেশদ্রোহী: শাবানা আজমি
ডেস্ক রিপোর্ট।। ভারতের প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি বলেছেন, কেউ সরকারের কাজ নিয়ে প্রশ্ন তুললে বা সমালোচনা করলেই দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়। একটি দেশে কারো ভুল ধরা অন্যায় কিছু নয়। কারণ এ কাজ অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভুল সংশোধন করতে সাহায্য করে। এটা দেশের স্বার্থের জন্য মঙ্গলময়। যদি কেউই ভুলত্রুটি ধরিয়ে না দেয় তাহলে পরিস্থিতির কখনোই উন্নতি হবে না। শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শাবানা আজমি বর্তমানে লোকসভায় সংরক্ষিত আসনে প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত সদস্য। ঐ অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কথা উল্লেখ না করে তিনি বলেন, কেউ কাউকে দেশবিরোধী আখ্যায়িত করবে এজন্য কারো ভয় পাওয়া উচিত নয়। কারো কাছ থেকে জাতীয়তাবাদের সনদ পাওয়ার প্রয়োজন নেই কারো।
শাবানা আজমি বলেন, ভারতীয়রা এ দেশের ঐতিহ্য নিয়ে গর্ব করেন। সবাইকে একসঙ্গে নিয়ে যে সংস্কৃতি তা রক্ষা করার জন্য তারা লড়াই করে যাবেন। তিনি বলেন, ভারত অত্যন্ত চমত্কার একটি দেশ। কেউ এ দেশে বিভক্তির কথা বললে তা মোটেও দেশের জন্য ভালো নয়।
প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারের অতি পরিচিত মুখ শাবানা আজমি। তিনি পাঁচবার সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। এছাড়া আন্তর্জাতিক অনেক সম্মাননা পেয়েছেন। উৎস: জিনিউজ।










