বাংলাদেশ-ভারত ম্যাচ: টাকার লোভে টিকিট ছাড়ছে ভারতীয়রা, টাকা গেলেও কিনে নিচ্ছে টাইগার সমর্থকরা
স্পোর্টস ডেস্কঃ আগামী ২ জুলাই এজবাস্টনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ ঘিরে টিকিট নিয়ে শুরু হয়েছে অন্য এক যুদ্ধ। ভিন্ন উত্তেজনার এই ম্যাচ গ্যালারিতে বসে দেখতে চায় সবাই। কিন্তু চাইলেই তো আর সোনার হরিণ বনে যাওয়া টিকিট পাওয়া যায় না। কিন্তু নাছোড়বান্দা টাইগার সমর্থকরা বেছে নিচ্ছেন বিকল্প পন্থা। অনেকেই চড়া দামে টিকিট কিনে নিচ্ছেন। আর সেটিও ‘কালোবাজার’ থেকে। রোমাঞ্চিত বাংলাদেশের সমর্থকদের কাছে টাকা বড় নয়, তারা মাশরাফিদের সমর্থন দিতে চায় মাঠে বসে।
প্রায় ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এজবাস্টনে ২ জুলাইয়ের ম্যাচ ঘিরে বেশিরভাগ টিকিটই দখলে নিয়ে নিয়েছে ভারতীয়রা। আইসিসির ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরুর ঘোষণার পরই তারা ঝাঁপিয়ে পড়ে টিকিট কিনেছেন। এক্ষেত্রে কিছুটা ব্যাকফুটে ছিলের বাংলাদেশি প্রবাসীরা।
এবার তারই মাশুল দিচ্ছেন চড়া দামে টিকিট কিনে। আর এক্ষেত্রে নগদে লাভ গুণে ঘরে ফিরছেন অনেক ভারতীয়। টাকার লালসায় নিজেদের খেলা দেখার মোহ ত্যাগ করে তারা বাংলাদেশি প্রবাসীদের কাছে দ্বিগুণ তিনগুণ দামে টিকিট বিক্রি করছেন। সামর্থ্যবান বাংলাদেশিরাও পকেট খালি করে টিকিট কিনে নিচ্ছেন।
৫০ থেকে ১০০ পাউন্ড বেশি দিয়ে টিকিট কিনছেন অনেকেই। যদিও বাস্তবতা হলো টিকিট বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। আবেগপ্রবণ জাতি, বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে অনেকেই দেদার টাকা খরচ করছে, যেভাবে পারছে টিকিট কিনছে।
রোমাঞ্চিত এক বাংলাদেশি প্রবাসী সমর্থক বলেন, ‘৬০ পাউন্ডের টিকিট ২০০ পাউন্ড দিয়ে কিনেছি। আমরা ভারতীয়দের মতো লোভী নই, আমরা তাদের মতো টাকার লোভে নিজের টিকিট বিক্রি করে দিচ্ছি না। বরং আমরা মাঠে বসে দলকে সমর্থন দিতে টাকার মায়া ত্যাগ করে টিকিট কিনে নিচ্ছি। আমরা ব্যবসা চাই না, জয় চাই।’










