উইন্ডিজদের ২৬৯ রানের লক্ষ্য দিল ভারত
ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানের লক্ষ্য দিল ভারত। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বিরাট কোহলির দল। কোহলি ও ধোনির হাফসেঞ্চুরিতে ভারত ৭ উইকেটে ২৬৮ রান করে। ব্যাট হাতে নেমে দলীয় ২৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়। কেমার রোচের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলীয় ৯৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফেরান জেসন হোল্ডার।
এরপর দলীয় ১২৬ রানে বিজয় ও ১৪০ রানে কেদার যাদবের উইকেট তুলে নেন রোচ। তবে বড় ইনিংসের পথে হাঁটছিলেন কোহলি। ৮২ বল থেকে ৮টি চারের মারে করেছেন ৭২ রান করা কোহলিকে ফিরিয়েেইনিংসকে আর বড় হতে দেননি হোল্ডার।
এরপর ধোনির সঙ্গে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৭০ রানের জুটি গড়ে দলীয় রান আড়াইশ পার করেন হার্দিক পান্ডে। শেলডন কটরেলের বলে ফ্যাবিয়ান অ্যালেনে হাতে ক্যাচ দেয়ার আগে ৩৮ বল থেকে ৪৬ রান করেন তিনি।
কিছুটা ধীরগতিতে শুরু করলেও শেষ দিকে হাফসেঞ্চুরি করে ভারতের স্কোরকে ২৬৮ রানে নিয়ে যেতে সক্ষম হন ধোনি। শেষ পর্যন্ত ৬১ বল থেকে ৫৬ রান করে অপরাজিত থাকে এই উইকেটরক্ষক। কেমার রোচ তিনটি এবং শেলডন কটরেল ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন।
ছয় ম্যাচে একটি জয়, চারটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ঝুলিতে এখন ৩ পয়েন্ট। ফলে টুর্নামেন্টের পরের পর্ব থেকে অনেকটাই ছিটকে গেছে হোল্ডাররা। আজ ভারতের বিরুদ্ধে উইন্ডিজদের ম্যাচটা তাই অনেকটা আনুষ্ঠানিকতার মতো। যেখানে ওয়েস্ট ইন্ডিজের জয় টুর্নামেন্টের সমীকরণে বড় কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে আজ জিতলে সেমির পথে কয়েকধাপ এগিয়ে যাবে ভারত। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ৯।










