ফের শীর্ষে আমির
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠেছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এরপর বেশ কিছুদিন এটা নিজের দখলেও রেখেছিলেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর মিচেল স্টার্ক শীর্ষে উঠে আসেন। রবিবার লর্ডসে হাশিম আমলা ও ডু প্লেসিসের উইকেট নিয়ে আবার সিংহাসনে বসেছেন পাকিস্তানি এই গতি তারকা।
বিশ্বকাপে ৫ ম্যাচে ৪.৫০ ইকোনমি এবং ১২.৬০ গড়ে ১৫ উইকেট নিয়েছেন আমির। সমান উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তবে দু’জনই এক ম্যাচ বেশি খেলেছেন আমিরের চেয়ে। ফলে গড়ে এগিয়ে থেকে শীর্ষে আমিরই।










