শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতে এক নারী সাংবাদিকের গাড়ি ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতীরা। শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানায়, ঘটনার শিকার ওই সাংবাদিকের নাম মিতালি চান্দোলা। নয়ডায় কাজ করেন তিনি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, রাত তখন প্রায় সাড়ে ১২টা। নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন মিতালি। তার গাড়িকে অনুসরণ করছিল আরও একটি গাড়ি। হুট করে সেটা মিতালির গাড়িকে ওভারটেক করে সামনে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়িতে থাকা দুষ্কৃতীরা পর পর দু’টি গুলি চালায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় গুলিটি গাড়ির উইন্ডশিল্ড ভেদ করে মিতালির হাতে লাগে।

ওই নারী সাংবাদিক পুলিশকে জানিয়েছেন, হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। হামলাকারীরা প্রথমে তার গাড়িতে ডিম ছুঁড়ে। ওই নারী সাংবাদিককে উদ্ধার করে পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবরে বলা হয়েছে। খবর এনডিটিভির।