আজকের ম্যাচ নিয়ে যা বললেন তারা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দ. আফ্রিকা। গত কয়েকটি ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানকে নিয়ে চলছে ব্যবপক সমালোচনা। তাই এই ম্যাচকে সামনে রেখে যা বললেন পাকিস্তানি ক্রিকেটাররা।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই মহারণে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অবশ্য সেই ব্যাপারে ভীষণ আশাবাদী পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
তিনি বলেন, টুর্নামেন্ট এখন যথেষ্ট ওপেন। আমাদেরও সেমিফাইনালে যাওয়ার ভালো সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা সেরা ক্রিকেট খেলব ও জিতব।
ইতিহাস টেনে তিনি বলেন, আইসিসি টুর্নামেন্টে আমরা একাধিকবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছি। এবারও তাই হবে। দলে কিছু বদলও আনছি আমরা।
মোহাম্মদ হাফিজ :
চিরপ্রতিদ্বন্দিদের বিপক্ষে ৮৯ রানে হারার পর হতাশায় মুড়ানো দিনগুলো পেছনে ফেলে বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান। এমনটিই জানিয়েছেন মোহাম্মদ হাফিজ। অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছেন, ‘লিগ টেবিলে যখন আমাদের টিমকে নয় নম্বরে দেখি, তখন প্রচণ্ড যন্ত্রণা হয়।’
হাফিজের কথায়, ‘আমরা এখন পর্যন্ত দল হয়ে খেলতে পারিনি। ব্যক্তিগত দক্ষতা কিছু ক্ষেত্রে দেখাতে পারলেও টিমগেম না থাকলে জেতা সম্ভব নয়।’
বিশ্বকাপে বাজে পারফরমেন্সের জন্য পাক অধিনায়ক সরফরাজকে দায়ী করার বিরোধিতা করে হাফিজ বলেছেন, ‘খারাপ পারফরম্যান্সের জন্য ব্যক্তিগত কাউকে দায়ী করা ঠিক নয়। পুরো টিম এর জন্য দায়ী।’
‘আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে আপনি দায়ী করতে পারেন না। দায় সবারই সমান। এখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার দলীয় প্রচেষ্টা। ভালো দিকটা হল, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই জয়ের ধারায় ফিরতে চাই আমরা’, যোগ করেন হাফিজ।
সমালোচনার ক্ষেত্রে মিডিয়াকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাফিজ। বলেছেন, ‘মিডিয়া গঠনমূলক সমালোচনা করুক। কিন্তু এখন যেটা হচ্ছে, সেটা আমাদের দুঃখ দিচ্ছে। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা হচ্ছে। আমাদের পরিবারকে জড়ানো হচ্ছে। বলা হচ্ছে, টিমের মধ্যে নাকি অনেক গ্রুপ। এটা সম্পূর্ণ মিথ্যা।’
এরপরই হাফিজ প্রশ্ন তুলে দেন, ‘যখন টিম জেতে, তখন তো এসব কথা বলা হয় না?’
ওয়াহাব রিয়াজ :
চাপে থাকলে পাকিস্তান তুলনামূলক ভালো খেলে বলে দাবি করেছেন দলের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। আজকের ম্যাচে জয় দিয়ে কক্ষপথে ফিরতে আশাবাদী বাঁ হাতি এই সিমার। পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাকিস্তান এখান থেকে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে শেষ পর্যন্ত যাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী ওয়াহাব।
‘নিজেদের তুলে ধরতে হবে আমাদের। দলে সবাই আমরা ভালো বন্ধু, একে অপরের শক্তি। এই ১৫ জনই পারি দলকে টেনে তুলতে। সব সময়ই চাপের মুখে ভালো খেলে পাকিস্তান। এবারও আমরা ফাইনাল পর্যন্ত যেতে পারি। তবে বেশি দূরে না তাকিয়ে এখন আমাদের প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। সবার আগে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে’, যোগ করেন ওয়াহাব।
ওয়াহাব রিয়াজের ওপর পাকিস্তান সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। অথচ শেষ দুই ম্যাচে উইকেট পাননি তিনি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুই ম্যাচে নতুন বলে উইকেট নিতে না পারায় দলকে ভুগতে হয়েছে বলে মনে করেন ওয়াহাব।
‘বোলিং ইউনিট হিসেবে আমরা কঠোর চেষ্টা করছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ভালো করতে আমরা সবাই উন্মুখ। ইংল্যান্ডে আপনার শুরুতে উইকেট নেয়া প্রয়োজন। কিন্তু আমরা সেটা পাচ্ছি না।’
এই বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়ের ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন ওয়াহাব। আজকের ম্যাচেও তার দিকে প্রত্যাশার চাপ থাকবে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে যারা চাপ সামলাতে পারবে তারাই জিতবে বলে মনে করেন তিনি।
‘কয়েকটা ম্যাচে আমরা জিততে পারতাম। এই ম্যাচে কোন দল চাপটা ভালোভাবে সামলাতে পারবে এবং ভালো খেলবে তার ওপর বিষয়টা নির্ভর করছে। তারাই জিতবে,যোগ করেন ওয়াহাব।
ভারতের সঙ্গে ৮৯ রানে হারার পর পাকিস্তান খেলোয়ারদের সমালোচনা হয়েছে। খেলোয়ারদের মধ্যে দলাদলির খবরও হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওয়াহাব। ‘আমাদের নিজেদের খেলায় উন্নতি করতে হবে। আমরা একে অন্যের শক্তি। আমরা সবাই ভালো বন্ধু…পাকিস্তান চাপে থাকলে ভালো খেলে এবং আমরা সেমি-ফাইনাল ও ফাইনালে উঠতে পারব।’










