আজ নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে গত ২৮ মে ব্রিস্টলে ওয়ার্ম আপ ম্যাচের পুনরাবৃত্তি ঘটাতে আজ মন থেকেই চাইছে ওয়েস্ট ইন্ডিজ। সেদিন তারা নিউজিল্যান্ডের বোলারদের তুলোধুনো করে ৪২১ রানের বিশাল স্কোর গড়ে ৯১ রানের জয় তুলে নিয়ে জানান দিয়েছিল, আগের সেই রাজত্ব না থাকলেও এবারের বিশ্বকাপে তাদের মোটেও খাটো করে দেখার সুযোগ নেই।
এবার অবশ্য ওয়ার্ম আপ ম্যাচে নয়, বিশ্বকাপেই দুই দল এবার একে অন্যের মুখোমুখি হচ্ছে। শনিবার (২২ জুন) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে। বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু খেলাটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া, অনলাইনে খেলাটি দেখা যাবে র্যাবিটহোল বিডি ডট কমে।
পয়েন্ট টেবিল বলছে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সুবিধাজনক অবস্থানে আছে কিউইরা। অপরদিকে, ৫ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পাওয়া ক্যারিবীয়রা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় আছে। আর একটি ম্যাচে হারলেই তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।
ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্টদের নিয়ে শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে ক্রিস গেইল, শাই হোপ, এভিন লুইসদের নিয়ে গড়া আগ্রাসী ব্যাটিং লাইনআপের লড়াইটা ভালোই জমবে বলে দর্শকরা প্রত্যাশা করছেন। তবে মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলরদের নিয়ে গড়া কিউই ব্যাটিং লাইনআপের বিপক্ষে ক্যারিবীয়দের দুর্বল বোলিং লাইনআপ তাদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইনজুরির কারণে অলরাউন্ডার আন্দ্রে রাসেল আজ খেলতে না পারাটা মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে।
যাদের দিকে থাকবে আলাদা নজর
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ফিফটি তুলে নিলেও বাকি ম্যাচগুলোতে তেমন আলো ছড়াতে পারেননি। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি জ্বলে উঠলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। ২০১৫ বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ২৩৭ রানের ইনিংস খেলা গাপটিল তাই আজকের ম্যাচেই পুরনো ছন্দে ফিরে আসতে চাইবেন।
এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) : গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭০ রানের ইনিংস খেলা লুইস নিজের অফ ফর্ম থেকে বেরিয়ে আসার বার্তা দিয়ে রেখেছেন। গেইল-হোপদের সঙ্গে তার ব্যাটে ঝড় উঠলে তা কিউই বোলারদের ভীতির কারণ হতে বাধ্য।
আবহাওয়া
গতকাল ম্যানচেস্টারের আকাশ রৌদ্রজ্জ্বল ছিল। আজকেও একই ধরনের আবহাওয়া থাকবে বলে আশা করা হচ্ছে।
পিচ
চলমান বিশ্বকাপে ২ ম্যাচ হওয়া এই মাঠে আজ যে পিচে খেলা হবে, সেখানে কিছুটা ঘাস থাকায় পেসাররা খানিকটা পেস, বাউন্স ও মুভমেন্ট থাকবে। তবে ব্যাটসম্যানরা নিজেদের বেসিক ঠিক রাখলে আজও রানের বন্যা দেখা যেতে পারে। কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করা ভারতের ৩৩৬ রান ও আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ৩৯৭ রান করার ঘটনা তো এখনো টাটকা স্মৃতি হয়েই আছে।
সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিশেল স্যান্টনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
ওয়েস্ট ইন্ডিজ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল / কেমার রোচ, শেল্ডন কর্টরেল, ওশানে টমাস।










