মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন গুলি করে নামালো ইরান
অনলাইন ডেস্ক : ইরানের সবচেয়ে সুসজ্জিত সশস্ত্র বাহিনী রেভ্যুলিশনারী গার্ডসের সদস্যরা গুলি করে মার্কিন ‘গুপ্তচর’ ড্রোন নামানোর দাবি করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ওই মার্কিন ড্রোন তারা গুলি করে ফেলে দিয়েছে।
মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছিল বলেও দাবি করা হয়। তবে যুক্তরাষ্ট্র বলছে, এটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।
আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই ড্রোনটি আকাশের অনেক ওপর থেকে গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে ড্রোনটি কোথায় ছিল তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য শোনা যাচ্ছে। ইরান বলছে, ড্রোনটি তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। আর যুক্তরাষ্ট্র বলছে, এটিকে যখন হরমুজ প্রণালীর উপর একটি ভূমি থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়, তখন এটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল।
ইরানের রেভ্যুলিউশনারি গার্ডসের প্রধান বলেছেন, মার্কিন ড্রোন ফেলে দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে খুব স্পষ্ট একটি বার্তা দিতে চেয়েছেন। সেটি হলো, ইরান যুদ্ধ চায় না, কিন্তু দরকার হলে যুদ্ধের জন্য তারা প্রস্তুত।
পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা ৩০ ঘণ্টার বেশি ঊর্ধ্বাকাশে থাকার সক্ষমতা রয়েছে ওই ‘গুপ্তচর’ ড্রোন আরকিউ-৪ গ্লোবাল হকের। যেকোনো ধরনের আবহাওয়ায় এটি তৎপরতা চালাতে পারে বলে নির্মাতা সংস্থা নর্থরোপ গ্রুমম্যানের ওয়েবসাইটে দাবি করা হয়েছে। লকহিডের তৈরি ইউ-২ গোয়েন্দা বিমান দিয়ে যেসব তৎপরতা চালানো যায়, তার সবই আরকিউ-৪ গ্লোবাল হক দিয়ে চালানো সম্ভব। চালকহীন এ ‘গুপ্তচর’ ড্রোন পরিচালনা করে মার্কিন বিমান বাহিনী বা ইউএসএএফ।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের কারণে এ অঞ্চলে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন ইরানের আকাশসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার খবর এল। এ ছাড়া মার্কিন সেনারা এমন সময় ইরানে গোয়েন্দা ড্রোন পাঠাল যখন তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছেন। ট্রাম্পের আলোচনার প্রস্তাব পত্রপাঠ নাকচ করে দিয়েছে ইরান।
উল্লেখ, গত সপ্তাহে এই হরমুজ প্রণালীতেই দুটি তেলের ট্যাংকারে হামলা হয়েছিল। সেই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকেই দায়ী করে। তবে তেহরান কর্তৃপক্ষ এর দায়িত্ব অস্বীকার করেছিল হরমুজ প্রণালী বিশ্বের বিভিন্ন অঞ্চলে তেল সরবরাহের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। কিন্তু সেখানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।










