টুইট বার্তায় যা বললেন মুরসির স্ত্রী
মিসরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে তার শোকার্ত স্ত্রী সোমবার (১৭ জুন) মুরসিকে ‘শহীদ’ লিখেন টুইট করেন। মুরসির মৃত্যুতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রপ্রধান ও নেতারা শোক প্রকাশ করেছেন। সাবেক এ প্রেসিডেন্টের মৃত্যুতে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শোক প্রকাশ করতে দেখা গেছে বহু সাধারণ মানুষকেও।
মুরসির সংগ্রামী জীবনের নানাবিষয় তুলে ধরে প্রশংসা করছেন সবাই। তুরস্কের প্রেসিডেন্ট, কাতারের আমির এবং হামাসপ্রধানের পাশাপাশি শোক জানিয়েছেন জর্ডানের সাবেক রানি নূর আল হুসাইন। সাবেক এ প্রেসিডেন্ট সোমবার আদালত কক্ষে তার বিরুদ্ধে বিচারের শুনানির সময় মৃত্যুবরণ করেন।
২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে মুরসি জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন। পরে আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীর সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন।
সম্প্রতি মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে মিসরের সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। সেনা অভ্যুত্থানে মুরসি গ্রেফতার হলে তাতে যুক্তরাষ্ট্র উষ্ণ ভূমিকা পালন করে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাসমর্থিত মিসরের সিসি সরকারকে সমর্থন করেন।










