ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয়ের কথা ভাবছে না টাইগাররা
স্পোর্টস ডেস্ক : আজ বিশ্বাকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। টন্টনে ক্রিকেট গ্রাইন্ডে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি দেখায় সবশেষ নয় ম্যাচের সাতটিতে জয়ী দলের নাম বাংলাদেশ। তামিম ইকবাল তো নিজেদের ফেভারিট বলেই দাবি করছেন। প্রতিপক্ষ দলের অধিনায়ক জেসন হোল্ডারও মনে করেন সেটি। তবে বিশ্বকাপের মঞ্চে ক্যারিবীয়দের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন মাশরাফী বিন মর্তুজা।
সেরাটা খেললেই কেবল জয়ের ধারাবাহিকতা ধরে রাখা যাবে বলে মনে করেন টাইগার অধিনায়ক, ‘দ্বিপাক্ষিক সিরিজে হয়তো এগুলো (পেছনের সাফল্য) কাজ করে। এই ধরণের টুর্নামেন্টে আপনি একেকদিন একেক দলের বিপক্ষে খেলছেন। ফলে, একইরকম মানসিকতা থাকে না। তাই এভাবেই চিন্তা করতে হবে। উইন্ডিজ দল যেকোনো ধরণের ড্যামেজ করতে পারে। আমাদের সেরাটাই খেলতে হবে। আগের ৯ ম্যাচে ৭টা জিতেছি। এর মানে এই নয় যে আমরা এখানেও সহজেই জিতে যাবো।’
বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের ভেন্যু অন্যান্য মাঠের চেয়ে ছোট। ক্যারিবীয় ব্যাটিং শক্তির সামনে টাইগার বোলারদের জন্য হয়ে উঠতে পারে চ্যালেঞ্জিং। তবে মাঠের আয়তনের ব্যাপারটি ইতিবাচক-নেতিবাচক দুটিই হতে পারে বলে মত মাশরাফীর।
‘মাঠ ছোটো হওয়াতে সুবিধা অসুবিধার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজ যত বড় মাঠেই খেলুক না কেনো, ওদের মিস হিটেও কোনো সময় ছয় হয়ে যায়। আমার কাছে মনে হয় এখানে ৬ হলে তো ১২ হবে না! ছয়ই কাউন্ট হবে। আমরা ইতিবাচকভাবে যেটা নিতে পারি, আমাদের ব্যাটসম্যানদের জন্যও সুবিধা কিছুটা বাড়বে। আমাদেরও এই সুযোগগুলো থাকবে। তাই এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি। তবে বোলারদের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি থাকবে। এক্ষেত্রে যেগুলো ফিফটি ফিফটি চান্স, এগুলো ৬ হয়ে যেতে পারে।’
‘সাধারণত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে গেলে বোলারদের চ্যালেঞ্জই বেশি হয়। দুই দৃষ্টিকোণ থেকেই দেখা যায়। যত ইতিবাচকভাবে দেখা যায় ততই ভালো। আমাদের কোনো না কোনো উপায় খুঁজতে হবে, তাদের বিপক্ষে কিভাবে সফল হতে পারি। ব্যাটসম্যানদের কথা বলতে গেলে মাঠ ছোটো বড় থাকার কারণে সবাই তো সীমানার কাছে আউট হয় না। স্লিপে আউট হয়, বোল্ড হয়, সবই আছে। এগুলো মাথায় থাকতে হবে। দুই দলই যখন শট খেলবে লাভবান হওয়ার সুযোগ আছে।’ বলেন বাংলাদেশ অধিনায়ক।
মাশরাফীর ভাবনায় উইকেট ও উইন্ডিজের ব্যাটিং
পরিসংখ্যান বলছে সমারসেট কাউন্টি ক্লাব মাঠ ব্যাটসম্যানদের স্বর্গ। পাঁচ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল তুলেছে তিনশ’র বেশি রান। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের উইকেটে দেখা যাচ্ছে সবুজ ঘাসের চাদর। তাতে কিছুটা বিভ্রান্ত হচ্ছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সংবাদ সম্মেলনে বলে গেলেন সেটি।
ক্রিকেটে ২২ গজের উইকেট বুঝতে পারা কতটা জরুরী, সে প্রশ্নেই বেরিয়ে এল ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভুলের কথা।
‘এটা আসলে (উইকেট মূল্যায়ন) একটা ম্যাচের হার-জিত ঠিক করে দেয়। আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড ম্যাচে আমরা সেটা মিস করেছি। যদি উইকেটটা সঠিকভাবে বুঝতে পারতাম, তাহলে ওই ম্যাচে ২৬০-২৭০ এর দিকে ছুটতাম। যা জয়ের জন্য যথেষ্ট ছিল।’
‘উইকেট অ্যাচিভমেন্ট খুব প্রয়োজন। এই উইকেটেও একইরকম বিভ্রান্তি আছে। শুনেছি যে ঘাস থাকবে বা কিছু, কেউ কেউ বলছে এটা আজীবনই ফ্ল্যাট উইকেট। যারা ম্যাচের সময় মাঠে ঢুকবে তারা যত তাড়াতাড়ি উইকেট বুঝতে পারবে, সেই দলের জেতার সম্ভাবনা থাকবে। অনেক ভালো খেলার থেকে মোটামুটি খেলেও এগিয়ে থাকে যদি উইকেট বুঝতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের ম্যাচ বলে আলাদা কথা। পুরো শক্তি নিয়েই টন্টনে এসেছে তারা। ক্যারিবীয়দের বোলিং নিয়ে খুব ভাবনা না থাকলেও তাদের আগ্রাসী ব্যাটিং নিয়েই চিন্তা মাশরাফীর।
‘সবাই তাদের প্রথম পরিকল্পনাই করে ব্যাটিং নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের যে শক্তি, তারা সবসময় অনেকটা টি-টুয়েন্টির আদলেই খেলতে চায়। এমনকি ওয়ানডে ক্রিকেটও তারা ওইভাবে খেলতে চায়। তারা যখন সফল হবে তখন বোলারদের জন্য মাঠে কাজ করা খুব কঠিন হবে যেকোনো টিমের জন্য।’
ক্যারিবীয় ব্যাটসম্যানদের আগ্রাসী মনোভাবে সুযোগ থাকবে উইকেট পাওয়ারও। সতীর্থ বোলারদের সেটি কাজে লাগাতে বলছেন মাশরাফী।
‘আমাদের নিজস্ব পরিকল্পনায় সংঘবদ্ধ থাকতে হবে। যে পরিস্থিতি আসবে, স্নায়ু ধরে রেখে খেলতে হবে। সবার সমান যাবে না। কারও কারও দিন খারাপ যাবে। ইতিবাচক ব্যাপার হল, তারা যেহেতু প্রচুর শট খেলবে সুযোগ আসেব ওটা যদি আমরা নিতে পারি। উইকেট নেয়ার বিকল্প কিছু নেই তাদের বিপক্ষে, এটা মাথায় রাখতে হবে।’
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগারদের লড়াই। তার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মাশরাফী দেশ ও দেশের বাইরের সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
মুশফিককে নিয়ে ‘চিন্তা’ নেই
মুশফিকুর রহিমের ডান হাতে বলের আঘাত চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে সেটা কেটে গেছে দ্রুতই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে রোববার সমারসেট কাউন্টি মাঠে ফিল্ডিং ও কিপিং অনুশীলন করেছেন মুশি। পুরোদমে ব্যাটিং না করলেও নেটে কিছুক্ষণ ড্রিল করেছেন মি. ডিপেন্ডেবল।
স্থানীয় সময় দুপুর ২টায় অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা জানিয়ে যান, মুশফিক ভালো আছে। এখন কোনো সমস্যা নেই।
শনিবার নেটে ব্যাটিং অনুশীলন করার সময় মোস্তাফিজুর রহমানের ছোঁড়া বল মুশফিকের হাতের তালু ও কনুইয়ের মাঝামাঝি জায়গায় এসে লাগে। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে তার ঠিকানা হয় ড্রেসিংরুম। হাতে বরফ লাগিয়ে রাখেন দীর্ঘক্ষণ। বিকেলে করানো হয় স্ক্যান। রোববার সকালে রিপোর্টে জানা যায় হাতে চিড় নেই। তাতে সরে যায় দুশ্চিন্তার মেঘ।
বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন মুশফিক। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১৯ আর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান খেলেন ৪৪ রানের ইনিংস।










