‘ধর্ষণ’ অভিযোগে নেইমারকে পুলিশের জেরা
ধর্ষণের কথিত অভিযোগের বিষয়ে ফুটবল সুপার স্টার নেইমারকে বৃহস্পতিবার প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ব্রাজিলীয় পুলিশ। গত মাসে প্যারিসের একটি হোটেলে সাক্ষাৎ করতে যাওয়া ২৬ বছর বয়সী এক তরুণীকে নেইমার ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে, যেটি বরাবরের মত অস্বীকার করে আসছেন পিএসজি তারকা। ২৭ বছর বয়সী নেইমার ব্রাজিলের স্থানীয় সময় বিকেল চারটায় কিছুটা আগে থানায় আসেন এবং রাত আনুমানিক ৯টার দিকে তিনি ফিরে যান। জেরা শেষে নেইমার সাংবাদিকদের বলেন, ‘আজ বা কাল, সত্যিটা উৎঘাটিত হবেই।’
ব্রাজিল সুপারস্টারের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল সাইটে পরিচয়ের পর ফ্রান্সে সেই নারীর সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন তিনি। গাল্লো নামে পিএসজি তারকার এক প্রতিনিধি তাকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন। সেই হোটেলে নাকি পুরোপুরি মাতাল হয়ে প্রবেশ করেন নেইমার। প্রথমে উভয়ের সম্মতিতে একজন আরেকজনকে স্পর্শ করলেও এক সময় নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনার পর সেই নারী মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ায় তাৎক্ষণিক পুলিশের কাছে অভিযোগ করেননি।
সম্প্রতি সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নেইমার সব অস্বীকার করেন। এই বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত অভিযোগকারী নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে তার যেসব খুদে বার্তা আদান-প্রদান হয়েছে, সেগুলো মিলিয়ে এই ভিডিওটি বানিয়েছেন। ফাঁদে ফেলার জন্যই যে অভিযোগ করা হয়েছে, সেটির প্রমাণ হিসেবেই এই ভিডিও শেয়ার করেছেন বলেও জানান নেইমার। তবে ওই ভিডিওতে অভিযোগকারী নারীর ব্যক্তিগত মুহূর্তের অনেক ছবি ব্যবহার করা হয়েছে, আর এতেই হয়েছে বিপদ!










