টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের বিপক্ষে টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ওভালে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। এ মাঠেই এবারের আসরের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে আজ লন্ডনের আকাশ আজ থাকতে পারে মেঘলা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় সময় বিকেলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি খুব কম।
আগের যেকোন বারের চেয়ে বাংলাদেশ দলকে ঘিরে এবার বাড়তি প্রত্যাশা কাজ করছে সবার মধ্যে। ২০০৭ সালে সুপার এইটের পর ২০১৫ সালে সর্বশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা ভারতের সাথে লড়াই করেছিল সেমিফাইনাল পর্যন্ত। আর তাই ভক্ত-সমর্থক সবার বিশ্বাস, সেরা দল নিয়ে রণাঙ্গণে যাওয়া বাংলাদেশ দল এবারও ভালো ফলাফলই দেশবাসীকে উপহার দিতে পারবে।
দুই দলের সম্ভাব্য একাদশ : বাংলাদেশ : লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন/ রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভেন ডার ডাসুন, অ্যাডাম মার্কওরাম/মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ক্রিস মরিস/প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, ইমরান তাহির ও লুঙ্গি এনজিডি।










