শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদের আক্রমণ ভুলে আজ থেকে নতুন দিন: মোদি

news-image

রেকর্ড গড়ে আবার ক্ষমতায় এলেন নরেন্দ্র মোদি। জয়ের সমুদ্রে রীতিমতো ভাসছে গেরুয়া মহল। সন্ধ্যায় বৃষ্টি ভেজা দিল্লির বিজেপির সদর দপ্তরে হাত নাড়াতে-নাড়াতে ঢুকছিলেন মোদি। চারিদিক থেকে তখন আওয়াজ উঠল ‘মোদি, মোদি, মোদি।’ টাইমস অব ইন্ডিয়া জানায়, এমন জয়ে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেল মোদিকে। সদর দপ্তরে সেই বার্তাই দিলেন তিনি।

বিরাট এ সাফল্যের প্রতিক্রিয়ায় মোদি বলেন, “বিরোধীদের আক্রমণ ভুলে গিয়েছি, আজ থেকে নতুন দিন। কোটি কোটি নাগরিক এই ফকিরের ঝুলি ভর্তি করে দিলেন। বিশ্বের ইতিহাসে সফলতম জয় এটি।”

তিনি আরও বলেন, “দেশকে এবার নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। কাজে ভুল থাকতে পারে। কিন্তু কোনো খারাপ কাজ করব না। গর্ব হয় যে দেশে বাস করি, সেই দেশে এত বড় মনের মানুষজন থাকেন। ১২০ কোটি নাগরিককে মাথানত করে প্রণাম করছি।”

তবে মোদি না বললেও অমিত শাহের কথায় বোঝা গেছে, বিজেপির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ। বাংলার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এরপর বাংলার দিকে দিকে ফুটবে পদ্মফুল।’