শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘টেস্ট ড্রাইভিং’ র নামে গাড়ি নিয়ে পালাল চোর!

news-image

নিউজ ডেস্ক : বিজ্ঞাপন দেখে গাড়ি কিনতে এসেছিলেন ক্রেতা। গাড়ির মূল্য ধরা হয়েছিল ১৯ কোটি টাকা। পুরনো মডেলের গাড়িটির বিনিময়ে মোটা অঙ্কের টাকা পকেটে আসবে এমন উত্তেজনায় অগত্যা গ্রাহকের হাতে চাবি তুলে দেন মালিক। চাবি হাতে পেয়ে পরীক্ষামূলকভাবে চালানোর নামে চোখের সামনে দিয়ে মূল্যবান গাড়ি চালিয়ে পালিয়ে যান চোর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অভিনব এমন চুরির ঘটনা ঘটেছে জার্মানির ডুসেলডর্ফ শহরে। ১৯৮৫ সালের মডেলের দুর্লভ ওই ফেরারি গাড়িটি এক সময় ব্রিটিশ রেস ড্রাইভার এডি ইরভিনের মালিকানায় ছিল। গাড়িটির বর্তমান মূল্য দুই মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক এই গাড়ির বিজ্ঞাপন দেখে তা কেনার আগ্রহ প্রকাশ করে সেই ব্যক্তি। গাড়িটি সামনে দেখার অনুরোধ করে পরীক্ষামূলকভাবে চালাতে চান তিনি। গ্রাহক যখন চালকের আসন ঠিক করছিলেন, তখন বাইরেই দাঁড়ানো ছিলেন মালিক৷ এক পর্যায়ে হুট করে গাড়ি চালিয়ে উধাও হয়ে যায় সেই লোক। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না গাড়ির মালিকের৷

বিপদ বুঝতে পেরে মালিক খবর দেন পুলিশকে। পরে ঘটনাস্থল থেকে দূরে গ্রেভেনব্রোইক শহরের একটি গ্যারেজে গাড়িটি লুকানো অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তদন্তে শুরু হলেও চোরের সন্ধান মেলেনি এখনো। তবে গাড়ি নিয়ে পালানোর আগে মালিকের সঙ্গে প্রথম সাক্ষাতে একটি ছবি তোলেন ওই ব্যক্তি। আর সে ছবি নিয়েই চলছে অনুসন্ধান।