ভারতের ১৭তম লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৯টি আসনে ভোট হচ্ছে আজ
ডেস্ক রিপোর্ট।। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে আজ রোববার ষষ্ঠ দফায় ভোট হচ্ছে ৬টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে। বিহারের ৮টি আসনে , হরিয়ানার ১০টি আসনে, মধ্যপ্রদেশের ৮টি আসনে, ঝাড়খণ্ডের ৪টি আসনে, দিল্লির ৭টি আসনে, উত্তর প্রদেশের ১৪টি আসনে এবং পশ্চিমবঙ্গের ৮টি আসনে আজ ভোট নেয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে এদিন ভোট নেয়া হচ্ছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক ও পুরুলিয়াতে। এই দফাতে ভোট নেয়া হচ্ছে ত্রিপুরা পশ্চিমের ১৬৮টি বুথেও। প্রথম দফায় এই বুথগুলোতে অনিয়মের অভিযোগ জানিয়েছিল বিরোধীরা। এরপরে নির্বাচন কমিশন সব খতিয়ে দেখে এই বুথগুলোতে পুনঃনির্বাচনের নির্দেশ দিয়েছে।
আজকের নির্বাচনে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কংগ্রেসের শীলা দীক্ষিত, বিজেপির গৌতম গম্ভীর, মানেকা গান্ধী, হর্ষবর্ধন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সুব্রত মুখোপাধ্যায়, অভিনেতা দেব, বিজেপির ভারতী ঘোষ ও দিলীপ ঘোষ প্রমুখের ভাগ্য নির্ধারণ হচ্ছে। এই দফার নির্বাচনেও দেশের সর্বত্র ইভিএম নিয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, মক পোলের ভোট না মুছেই যদি ভোট করা হয় তাহলে প্রিজাইডিং অফিসারকে শাস্তির মুখে পড়তে হবে।
গত দফাগুলোতে অনেক বুথে মক পোলের ভোট না মুছেই ভোট করা হয়েছে বলে অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তাই কর্তব্যে গাফিলতির জন্য প্রিজাইডিং অফিসারদের শাস্তি পেতে হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। আজ যে সব কেন্দ্রে ভোট হচ্ছে তার ৪৫টিতেই গত লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল। তৃণমূল কংগ্রেস জিতেছিল ৮টি, কংগ্রেস ২টি এবং সমাজবাদী পার্টি ও লোক জনশক্তি পার্টি ১টি করে আসনে। ফলে আজকের নির্বাচনে বিজেপির কাছে গতবারের বিজয়ী আসন ধরে রাখার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।
অন্যদিকে কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও লোকজনশক্তি পার্টির কাছে নতুন আসন ছিনিয়ে আনাই লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের কাছে আজকের আসনগুলো ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ। জঙ্গলমহল বলে পরিচিতি আসনগুলোতে বিজেপি সাম্প্রতিক সব নির্বাচনে ভালো ফল করেছে। বিজেপি বারে বারে প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহকে এই অঞ্চলে প্রচারে এসে মানুষকে পরিবর্তনের ডাকে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছে।
নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ওপর এবারও জোর দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গে এই দফায় ১১ হাজার কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের ঘোষণা অনুযায়ী, প্রতিটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। রাজ্যের সাবেক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বাঁকুড়ায় লড়াই করছেন। এই কেন্দ্রে ১৫ জন প্রার্থী থাকলেও মূল লড়াই হচ্ছে বিজেপির ডা. গুভাষ সরকার ও সিপিআইএমের অমিয় পাত্রের সঙ্গে। বিষ্ণুপুরে বিজেপির সৌমিত্র খিকে লড়াই করতে হচ্ছে তার একসময়ের সহকর্মী তৃণমূল কংগ্রেসের শ্যামল সাঁতরার সঙ্গে। সৌমিত্র কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। পুরুলিয়া আসনে মূল লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মৃহাঙ্ক মমাহাতোর সঙ্গে বিজেপির জ্যোতিমংয় মাহাতোর।
তবে সাবেক বিধায়ক কংগ্রেসের নেপাল মাহাতোও লড়াইয়ে রয়েছেন ভালোরকম। ঝাড়গ্রাম আসনে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের বীরবাহা সরেনের সঙ্গে বিজেপির কুনার হেমব্রমের সঙ্গে হলেও সিপিআইএম এই কেন্দ্রে সাবেক বিধায়ক দেবলীনা হেম্ব্রমকে লড়াইয়ে নামিয়ে চমক দিয়েছে। মেদিনীপুরে বিজেপির রাজ্য সভাপতি সাবেক মন্ত্রী তৃণমূল কংগ্রেসের মানস ভূঁইয়াকে টক্কর দিতে তৈরি হয়ে লড়াইয়ে নেমেছেন। কাঁথি ও তমলুকে শিশির অধিকারী এবং তার পুত্র দিব্যেন্দু অধিকারী সহজ জয়ের জন্য মাঠে নেমেছেন। ঘাটালে অবশ্য গতবারের বিজয়ী তৃণমূল কংগ্রেসের অভিনেতা দেবকে হারানোর জন্য বিজেপি সাবেক আইপিএস ভারতী ঘোষকে প্রার্থী করেছে। ভারতী একসময় জঙ্গলমহল দাপিয়ে বেড়িয়েছেন মমতার সমর্থনে। এবার তার অন্যমূর্তি। ফলে এই লড়াইয়ের দিকে নজর সকলের।










