মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আগামী ১১ মে থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান।
পদত্যাগপত্রে মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও লিখেন, ‘আমরা কোনো ভয় বা কাউকে আনুকূল্য প্রদর্শন ছাড়াই আইন বাস্তবায়ন করি। কারণ উপযুক্ত দলিল-প্রমাণ সামনে আসার পর পক্ষপাতদুষ্ট আচরণ করা যায় না।’
ট্রাম্পের সঙ্গে অনেকদিন ধরেই রোজেনস্টেইনের সম্পর্ক ভালো ছিল না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভক্স।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প এর আগে রোজেনস্টেইনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনেন এবং একবার টুইটারে এমন একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রোজেনস্টেইন কারাভোগ করছেন।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হাতে নিয়োগ পেয়েছিলেন রড রোজেনস্টেইন। গত মাসে উইলিয়াম বারকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার পরই রোজেনস্টেইন পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।
গত বছরের সেপ্টেম্বরে রোজেনস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের মারাত্মক অবনতি হয়। সে সময় দৈনিক নিউইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে দাবি করে,ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পায়তারা করছেন।
সূত্রটির বরাত দিয়ে দৈনিকটি জানায়,ট্রাম্প যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অযোগ্য সে বিষয়টি প্রমাণ করার জন্য রোজেনস্টেইন গোপনে ট্রাম্পের বক্তব্য রেকর্ড করার পরিকল্পনা করছেন। তিনি এও বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে এ কাজ করতে নিষেধ করা হয়নি।
অবশ্য খবরটি প্রকাশিত হওয়ার পর রোজেনস্টেইন এ অভিযোগ অস্বীকার করেন।










