মাকে মারতে বাড়ন করায় মেয়েকে আছাড় মারলেন বাবা (ভিডিও)
অনলাইন ডেস্ক : মাকে মারধর করছিলেন বাবা। দুই মেয়ের তা সহ্য হয়নি। বাবার প্রহার থেকে মাকে বাঁচাতে ছুটে আসে তারা। তাতে আরও রেগে যান বাবা। বড় মেয়েকে তুলে নিয়ে মাটিতে আছাড় দেন তিনি। তারপরও ক্ষান্ত হননি। মেয়েদের তো মেরেছেনই। মাকেও মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছেন ঝাং (৪৯) নামে ওই ব্যক্তি।
গত ১০ এপ্রিল ঘটনাটি ঘটে চীনের গুয়াংডং প্রদেশের মিজঝো শহরে। সিসিটিভিতে ধারণ হওয়া এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঝাংকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ঝাং তার স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় তাদের দুই মেয়ে সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করছিল। তারা তাদের বাবার পায়ে ধরে অনুরোধ করছিল। এমনকি হাতজোড় করে বাবাকে মিনতি করছিল, যেন তাদের মাকে না পেটান।
কিন্তু কিছুতেই থামছিলেন না ঝাং। তিনি চিৎকার করছিলেন এবং নিজের স্ত্রীকে চড়-থাপ্পড় দিচ্ছিলেন। এমনকি তাকে বারবার ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিচ্ছিলেন। মেয়েরা যতই তাকে থামাতে চেষ্টা করছিল ততই চিৎকার করছিলেন তিনি। একপর্যায়ে হঠাৎ তিনি তার বড় মেয়েকে শূন্যে তুলে মাটিতে আছাড় দেন।
এতে ভয় পেয়ে যান ওই নারী ও তার ছোট মেয়ে। তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে মেয়েদের না পেটাতে অনুরোধ করেন স্বামীর কাছে। কিন্তু তারপরও থামেননি ঝাং। তিনি স্ত্রীকে আরও কয়েকবার চড় দেন এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ এ ঘটনায় একটি প্রতিবেদন তৈরি করেছে। চীনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তারা বলছে, ঝাং নামে ওই ব্যক্তি মাতাল অবস্থায় ছিলেন। কোনো পারিবারিক জটিলতা নিয়ে তিনি তার স্ত্রী সন্তানদের মারধর করেছেন।
মিজঝো শহরের পুলিশ বিষয়টি নিশ্চিত করে। তারা ঝাংকে গ্রেপ্তারও করে। এদিকে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা ও পুলিশের হুঁশিয়ারি পাওয়া পর নিজের ভুল স্বীকার করেন ঝাং। নিজের এই ভুলের পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে মারধরের এই ঘটনায় আহত হয়েছেন ঝাংয়ের স্ত্রীর ও কন্যারা। ওই নারী জানিয়েছেন, তিনি এ ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ দায়ের করবেন না। তবে স্বামীর কাছ থেকে তালাক চাইবেন তিনি।
চীনের সামাজিকমাধ্যমগুলোতে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর নানা সমালোচনা হয়। চীনের নেটিজেনরা ঝাংয়ের শাস্তি দাবি করছেন। ভিডিওতে একজন মন্তব্য করেন, ‘ওই ব্যক্তি কী গ্রেপ্তার হননি? আপনার স্ত্রী-সন্তানদের মেরে ফেরার অধিকার আপনার নেই।’
আরেক ব্যবহারকারী লেখেন, ‘এই ব্যবহারের পুনরাবৃত্তি হলে পুলিশ কী কিছু করবে?’
আরেকজন লিখেছেন, ‘আপনি কীভাবে একজন নারী ও শিশুদের আঘাত করেন? চীনের আইন এতটা দুর্বল নয় যে আপনাকে শাস্তি দেওয়া যাবে না।’










