ইমরান খান বললেন, নির্বাচনের আগে আরেকটা হামলা চালাতে পারে ভারত
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নির্বাচনের আগে পাকিস্তানে আরেকটি হামলা চালাতে পারে বলে মন্তব্য করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একদল গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলার সময় একটি প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন।
ইমরান খান বলেন, বিপদ এখনও কাটেনি। ভারতের আসন্ন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি উদ্বেগজনক থাকবে। তবে আমরা ইতোমধ্যে ভারতের হামলা প্রতিহত করার প্রস্তুতি সেরে ফেলেছি।
তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী মোদি তার নির্বাচনী প্রচারণায় পাকিস্তান বিরোধী বক্তব্য দিয়ে জনসমর্থন পাওয়ার চেষ্টা করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে সংগঠনটির শিবিরে বিমান হামলা চালিয়ে তিন শতাধিক জঙ্গি হত্যা করেছে বলে জানায় ভারত।
হামলার দাবি স্বীকার করলেও হতাহতের দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান। পরদিন লাইন অব কন্ট্রোল (এলওসি) পার হওয়া দুটি ভারতীয় বিমান ভূপাতিত এবং উইং কমান্ডার অভিনন্দনকে আটক করার কথা জানান ইমরান খান।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের কারণে জম্মু ও কাশ্মীর সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে ভারত। পরবর্তীতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব এবং অবিলম্বে ও নিরাপদে অভিনন্দনকে ছেড়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করে ভারত।
পরবর্তীতে পাকিস্তানের সংসদের ইমরান খান শান্তির বার্তা হিসেবে আটক অভিনন্দনকে ছেড়ে দেয়া হবে বলে ঘোষণা করেন। কিন্তু জেনেভা কনভেনশন অনুসারে তাকে ছাড়া হচ্ছে বলে দাবি করে ভারতীয় বিমানবাহিনী।
পাকিস্তান ১ মার্চ রাতে অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়। গত ২২ মার্চ অনুষ্ঠিত পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের আগে নরেন্দ্র মোদির কাছ থেকে একটি শুভেচ্ছা বার্তা পেয়েছেন বলে জানান ইমরান খান।










