‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা হারাম’
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আমরি মসজিদের খতিব মুফতি নিমর আবু আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখা হারাম। মুসলিম দেশগুলোর জন্য কোনো পরিস্থিতিতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত হবে না।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মুফতি আবু আউন বলেন, ফিলিস্তিন ভূখণ্ডসহ ইসলামের পবিত্র স্থানগুলো রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। মুসলমানদের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হলেও বিষয়টিকে এড়িয়ে যাওয়া যাবে না।
আল-আমরি মসজিদের এ খতিব বলেন, কোনো কোনো আরব সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে; যা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। বিশ্বের কোনো দেশেরই উচিত নয় খুনি, অপরাধী ও দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক রক্ষা করা।
আবু আউন বিস্ময় প্রকাশ করে বলেন, ইসরাইলের অনেক ইউরোপীয় মিত্রদেশও ইসরাইলি পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে অনেক মুসলিম দেশ ঘাতক ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে উঠেছে এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানাচ্ছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতন দিন দিন বাড়ছে বলেও জানান তিনি।










