পাকিস্তান ভূপাতিত করল ভারতীয় দুটি জেট বিমান, পাইলট আটক
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে নিজেদের আকাশসীমানায় ভারতীয় বিমানবাহিনীর দুটি জেটে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কাশ্মীরের পাকিস্তান অংশে ভারতীয় বাহিনীর হামলার এক দিনের মাথায় এ ঘটনা ঘটলো। এ সময় এক পাইলটকে আটক করা হয়েছে।
দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফ্ফারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে পাকিস্তান গুলি করে ভারতীয় দুটি জেট বিমান ভূপাতিত করেছে। এর একটি বিমান পাকিস্তানের নিয়ন্ত্রিত অঞ্চল (আজাদ জম্মু এবং কাশ্মীর) এবং অন্যটি ভারত নিয়ন্ত্রিত অঞ্চল কাশ্মীরে পড়েছে।
আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাকিস্তান এবং ভারতকে ভাগকরা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পার হয়ে পাকিস্তানি জেট হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানুষের ক্ষতি এড়িয়ে একটি অসামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতের পক্ষ থেকেও বুধবার দেশটির আকাশসীমায় পাকিস্তানের অন্তত তিনটি যুদ্ধবিমান প্রবেশের বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে দিল্লির দাবি, ভারতীয় বিমান বাহিনীর ধাওয়ায় পাকিস্তানি বিমানগুলো পালিয়ে গেছে। ভারত তাদের আকাশসীমানায় ওপর বিধিনিষেধ ঘোষণা করেছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে’ তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি যে বিধ্বস্ত যুদ্ধবিমানটি পাকিস্তান ভূপাতিত করেছে কিনা।
এর আগে গতকাল মঙ্গলবার পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে দেশটির জইশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদীন ও লস্কর-ই-তায়েবার স্থাপনায় হামাল চালায় ভারতের বিমানবাহিনী।
গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এর জবাব দিতেই ভারত এ হামলা চালায়।










