‘তোমার ছোট ছেলেকে মেরে দিলাম, মা’
অন্যদিনের মতো সেদিন রাতেও নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মা ইতু বাগচি। পাশের ঘরে দুই ছেলে। মধ্যরাতে ঘরের দরজায় বড় ছেলের ধাক্কাধাক্কির শব্দে ঘুম ভেঙে যায় মায়ের। এ সময় ধড়ফড়িয়ে উঠে বসেন মা।ঘরের দরজা খুলতেই বড় ছেলে বলে, ‘তোমার ছোট ছেলেকে মেরে দিলাম।’সোমবার (২৯ অক্টোবর) কলকাতার পুরাতন বনগাঁ সাতভাই কালীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিজের বড় ভাইয়ের হাতে নিহত হন তারণ বাগচি নামের ছোট ভাই। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ভাইকে খুন করার পর বেঞ্জামিন নামের ওই বড় ভাই তার মা ইতুর ঘরে এসে নিজেই জানায় এই হত্যাকাণ্ডের কথা।
মা ইতু বাগচি ঘুম চোখে কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় ঘাতক বড় ছেলে। ছেলের মুখে এমন কথা শোনার পর মা ইতু বাগচি ছোট ছেলের ঘরে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় খাটে পড়ে আছে সে। দেখেন, ছেলের মাথা, মুখ ও কান দিয়ে রক্ত বের হচ্ছে।সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই মারা যান তারণ বাগচি নামে ওই যুবক।
নির্মম এ খুনের ঘটনায় ইতোমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরে ছোট ভাইয়ের হত্যাকারী দাদা বেঞ্জামিনকে আটক করা হয়েছে।মা ইতুর দাবি, ‘বড় ছেলেই খুন করেছে তারণকে। ওর শাস্তি চাই। পুলিশকে সব জানাব।’তবে কি কারণে ছোট ভাইকে খুন করেছে, তা স্পষ্ট করে বলতে পারেনি তার মা।মায়ের বক্তব্য, ‘ভাইয়ের সঙ্গে ওর কোনও ঝামেলা হয়নি। তবে বড় ছেলে টা নেশা করে। নেশার টাকা না দিলে বাড়িতে অশান্তি করে।’ বলে জানান ইতু বাগচি।
পরিবারের দাবি, ডাইনিং টেবিলের ভাঙা কাঠের পায়া দিয়ে মাথায় ঘা মেরে খুন করা হয়েছে তারণকে। বেঞ্জামিন কয়েক বছর আগে মাকেও ধারাল অস্ত্র পেটে ঢুকিয়ে দিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসার পরে সুস্থ হন তিনি।স্থানীয়রা জানিয়েছে, ইতুর দুই ছেলে, এক মেয়ে। তারণ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। বাবা লিটু ভিনরাজ্যে কাজ করেন। বেঞ্জামিন আগে বাবার সঙ্গে কাজ করত। সেখানেই হেরোইনের নেশা ধরে। বাড়িতে ফিরে শুরু হয় তার তাণ্ডব।
প্রতিবেশীরা জানিয়েছেন, মদ, গাঁজা ও হেরোইন কোনও নেশাই বাদ দিত না ছেলেটি। পরে নেশা মুক্তি কেন্দ্রে রেখে কিছু দিন চিকিৎসা হয়েছিল ঠিকই। কিন্তু, পূজোর আগে বাড়ি ফিরে ফের নেশা শুরু করে বেঞ্জামিন।এদিকে, নিহত তারণ সেনাবাহিনীতে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়। আগামী ১২ নভেম্বর ছিল পরীক্ষা তার। স্বপ্নের চারকির জন্য সে অনেক রাত জেগে পড়তেন। সকালে ঘুম থেকে উঠে মাঠে দৌড়োতেন তিনি।
ইতু বলেন, ‘সোমবার (২৯ অক্টোবর) রাত ২টা পর্যন্ত জেগে পড়াশোনা করছিল ছেলেটি আমার। আমি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিজে শুতে যাই। তারপরেই ওকে খুন করল বেঞ্জামিন।’নিজের প্রাণ প্রিয় ছোট ছেলেকে মায়ের আফসোস, ‘যদি কিছু অন্তত আন্দাজ করতে পারতাম, ছোট ছেলেকে নিজের কাছ-ছাড়া করতাম না।’











