বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাতিমার কোলে বেড়ে উঠছে মিয়ানমারের ধর্ষক সেনার বংশধর

news-image

গতবছর ঈদুল আজহার ছুটির সময় এক দুঃসহ যন্ত্রণাকর পথ পাড়ি দিতে হয়েছে ফাতিমাকে (প্রকৃত নাম নয়)। সেদিনের তিক্ত স্মৃতির কথা মনে পড়লে এখনও ভয়ে আঁতকে ওঠেন বিধবা ফাতিমা। তার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মেরুলা গ্রামে। পাঁচ মেয়েকে নিয়ে ভালোই ছিলেন তিনি। একদিন অসুররূপী সেনারা হানা দিল রাখাইন রাজ্যে। মিয়ানমার সরকারের প্রত্যক্ষ মদদে রোহিঙ্গা মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল বৌদ্ধ সেনারা। হামলা থেকে বাঁচতে সপরিবারে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি। মিয়ানমারের ওই সেনা নির্যাতনের ঘটনাকে ‘জাতিগত নির্মূল’ হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ।

রাখাইনে সেনা হামলা শুরু হওয়ার পর মেয়েদের বাংলাদেশে পাঠিয়ে দেন ফাতিমা। পরে নিজেও মিয়ানমার ছাড়ার প্রস্তুতি নেন। ২০১৭ সালের আগস্ট মাস। মিয়ানমারের দাউংখালি চরে এসে পৌঁছান ফাতিমা। নাফ নদী পার হলেই পৌঁছে যাবেন বাংলাদেশ সীমান্তে। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তাই নদী পার হওয়ার আগেই মিয়ানমার সেনাদের হাতে ধরা পড়লেন ফাাতিমা। দুই সেনা তাকে আটক করে একটা মাঠে নিয়ে যায় এবং তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। দীর্ঘ দু দিন ধরে ফাতিমাকে ধর্ষণ করার পর সেখানেই ফেলে রেখে চলে যায় মিয়ানমার সেনারা।

অস্ফূট স্বরে ফাতিমা বলেন, ‘আমি জানি না ঠিক কতবার ওরা আমাকে ধর্ষণ করেছে।’ সেনারা চলে যাওয়ার পর কোনোরকমে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। কিন্তু এখানে আসার পরও ফাতেমার চেতনা কাজ করছিলো না। ‘আমার তখন কোনো অনুভূতিই ছিল না। একটা শবের মতই প্রাত্যাহিক কাজকর্ম করছিলাম। পাঁচ মাস পর টের পেলাম আমি মা হতে চলেছি। তখন বাচ্চা নষ্ট করার জন্য বড়ি খেলাম। কিন্তু এতে কোনো কাজ হয়নি।’

কোলের ছেলেটার দিকে তাকিয়ে তিনি বললেন,‘এই বাচ্চাটা যে আমার স্বামীর নয়, ধর্ষণের ফসল তা আমি কাউকে বলিনি।’ এ সময় ফাতিমার কোলে থাকা চার মাসের বেলাল কেঁদে ওঠলে তিনি বাচ্চাটার পিঠে হাত বুলাতে থাকেন। মায়ের আদর পেয়ে শান্ত হল ছেলেটা।

এখন চার মেয়ে আর এক ছেলেকে নিয়ে কক্সবাজারের বালুখালি ক্যাম্পে অবস্থান ফাতিমার। জনাকীর্ণ এই উদ্বাস্তু শিবিরে ৬ লাখের বেশি মানুষ ঠাঁই নিয়েছে। একটা বাঁশের তৈরি ছোট্ট ঘরে সংসার পেতেছে ফাতিমার পরিবার। এখানে কেউ জানেনা ফাতিমার সেই পাশবিক নির্যাতনের খবর। কেবল প্রতিবেশী শামীম আর তার স্ত্রী ছাড়া। তারাই তাকে যাবতীয় সহায়তা করে থাকে।

এমনকি তার অসুস্থ স্বামী যে পাঁচ বছর আগেই মারা গেছে এই সত্যটাও গোপন করেছেন ফাতিমা। এই ক্যাম্পের সবাই জানে মিয়ানমার সেনাদের হাতে নিহত হয়েছে তার স্বামী। যারা আসল সত্যিটা জানে তারা তো তাকে এড়িয়ে চলে। আর এ কারণেই নিজের দুঃখের ঘটনাগুলো মনের গভীরে লুকিয়ে রাখেন এই রোহিঙ্গা নারী। ওদের বলে কী লাভ, এতে তো কেবল বাড়বে অপমান আর ঘৃণা। ‘আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি। সে থাকে অন্য শিবিরে। তার স্বামী মেয়েকে আমার কাছে আসতে দেয় না। গত এক বছর ধরে মেয়েকে চোখে দেখতে পাই না।’ এ কথা বলার সময় ফাতিমার দু চোখে টলমল করতে থাকা অশ্রুবিন্দুগুলো কপোল বেয়ে নিচে নেমে আসে।

চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার (এমএসএফ) পরিচালিত এক ক্লিনিকে ছেলে হয়েছে ফাতিমার। সেখানকার চিকিৎসকরা তার কাছে বাচ্চার জন্ম পরিচয় সম্পর্ক কিছুই জানতে চায়নি। তাই ফাতিমাও তাদের কাছে মুখ খুলেননি। আসলে তখন সত্যি কথাটা বলতে তার যে খুব লজ্জা হচ্ছিল!

ছেলে হওয়ার পর ওই ক্লিনিক থেকে তাকে এক জোড়া স্যান্ডেল, একটা ওড়না আর বাচ্চার জন্য খাবার দেয়া হয়েছিল। এখনও প্রতি সপ্তাহে একবার সেখানে যান ফাতিমা। সেখানকার চিকিৎসকরা তাকে ওষুধ দেয় এবং বুকের দুধের পরিমাণ কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পরামর্শ দেন। ওই চিকিৎনা কেন্দ্র থেকে কোনো রকম মানসিক চিকিৎসা নেয়নি পাতেমা। কারণ ওই সেবা নিতে হলেই তো তাকে ধর্ষণের ঘটনা আর ছেলের জন্মের পুরো ঘটনা খুলে বলতে হবে। এ নিয়ে বড় লজ্জায় কাঁটা হয়ে থাকেন ফাতেমা।

আবদুল মুনাম বাংলেদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের একজন নেতা। তিনি জানেন ফাতিমার ঘটনাটি। তিনি বলেন, ‘আমাদের উচিত সবাইকে সবার যতটা সম্ভব সাহায্য করা। কিন্তু বাস্তবে সেটি হচ্ছে না। রোহিঙ্গা ক্যাম্পের লোকজন ধর্ষিতাদের অত্যন্ত নীচু দৃষ্টিকে দেখে থাকেন। তাই আমার পক্ষে এনজিও এবং ত্রাণ সংস্থাগুলোর কাছে ফাতিমার মত নারীদের ঘটনাটি খুলে বলা সহজ হয় না।

কুতাপালং শিবিরের বর্ষীয়ান নারী জোহরা খাতুন (৫০) একজন ধাত্রী হিসেবে সুপরিচিত। কিন্তু গত ১০ মাসে এমন একজন নারীও তিনি খুঁজে পাননি, যে ধর্ষণের ফলে গর্ভবতী হয়েছে।

তিনি বলেন,‘ধর্ষণ হচ্ছে নারীদের ওপর সবচেয়ে ভয়াবহ নির্যাতন। বিশেষ করে এই নির্যাতনের কারণে যখন কোনো নারী গর্ভবতী হয়ে পড়েন। তবে তাদের এ নিয়ে মুখ না খোলাই ভালো। কারণ এ ঘটনা জানাজানি হওয়ার পর মেয়েটি নানা ধরনের অমানবিকতার শিকার হয়ে থাকে। সমাজ এমনকি তার পরিবারের লোকজনও তাকে দূরে ঠেলে দেয়। আর কোনো অবিবাহিত যদি ধর্ষণের শিকার হয তাহলে তো আর কথািই নাই। কোনো পুরুষ তাকে বিয়ে পর্যন্ত করতে চায় না।’

তবে গর্ভপাত ধর্ষণের মত অপরাধের সমাধান নয় বলে মনে করেন জোহরা। কেননা কেবল প্রাথমিক পর্যায়েই গর্ভপাত করা সম্ভব। ভ্রুণের বয়স বেশি হয়ে গেল আর গর্ভপাত করা সম্ভব হয় না। জোহরার মতে, ‘তার চেয়ে বরং বাচ্চাটিকে রেখে দেয়াই ভালো। পরে এই বাচ্চা কোনো নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেয়া যায়।’

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মতে রাখাইন রাজ্যের শত শত রোহিঙ্গা নারী যৌন নির্যাতনের শিকার হয়েছে। গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে এমএসএফ জানায়, তারা এ পর্যন্ত ১১৩ জন ধর্ষিতা নারীর চিকিৎসা করেছে। এসব নারীদের বয়স ছিলো ৯ থেকে ৫০ বছর।
বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে সংস্থাটি আরো বলছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিকল্পিত হামলার অংশ হিসেবে নারী ও অল্প বয়সী মেয়েদের ওপর যৌন সহিংসতা চালিয়েছে মিয়ানমার সেনারা।

গত এপ্রিল মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস বলেছিলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়কে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা এবং তাদের সেখানে ফেরত যাওয়া ঠেকাতে যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে মিয়ানমার সেনারা।’

জাতিসংঘ মানবাধিকার সংস্থার কুতুপালং ক্যাম্পের প্রধান তৈয়বুর চৌধুরী বলেন, গত অক্টোবরের পর থেকে গুটি কয়েক ধর্ষিতা নারীই কেবল তার স্বাস্থ্যকেন্দ্র সেবা নিতে এসেছে। মাসিক বন্ধ হওয়ার কারণেই তারা সেখানে এসেছিল। এসব নারীরা তার কাছে মিয়ানমার সেনাদের নিপীড়তা বর্ণনা করেছেন। এছাড়া গর্ভপাত করাতে এসছিলেন আরো দুজন নারী। তবে এই স্বাস্থ্যকেন্দ্রের রেকর্ড দেখে ধর্ষিতা রোহিঙ্গা নারীদের তালিকা খুঁজে বের করা সম্ভব নয়। আর অবিবাহিত নারীদের ক্ষেত্রে এটা তো আরো কঠিন বিষয়। কারণ এই বিষয়গুলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়।

তবে ফাতিমার বিষয়টা আলাদা। কেননা সে এখন বেলালকে ভালোবাসে। যেমন ভালোবাসে তার চার মেয়েকে। তাই এই শিশুটিকে কারো কাছে দত্তক দিতে রাজি নন তিনি।

‘আমি জানি না যে সেনারা আমাকে ধর্ষণ করেছে তাদের মধ্যে কে এই শিশুটির পিতা। আমি কেবল জানি বেলাল আমার একমাত্র ছেলে এবং আমার পরিচয়েই বড় হবে সে। ওকে আমি কখনই ফেলে দিব না।’এটাই ফাতিমার শেষ কথা।

আল জাজিরা অবলম্বনে