তিতাসের বালু খেকোরা ‘কেড়ে নিল’ প্রাণ!
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় নদী খননের নামে চলছে বালু উত্তোলনের মহোৎসব। দীর্ঘদিন ধরেই তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে বালু উত্তোলন করে নির্ধারিত স্থানে ফেলার জন্য কোন ধরনের অনুমতি না নিয়েই রেললাইনের নীচ এবং ঢাকা-আগরতলা সড়কের উপর দিয়ে অবৈধভাবে নেওয়া হয়েছে পাইপ। আর এ পাইপে দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছে আখাউড়ার এক ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন প্রকাশ আনু ভূঁইয়া। ৪ সন্তানের জনক আনু ভূঁইয়া দুর্গাপুর গ্রামের আলী চান ভূঁইয়ার ছেলে। দুর্ঘটনায় আহত হয়ে ১৪ দিন ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার বিকেলে মারা যান তিনি। বৃহস্পতিবার দুপুরে তার লাশ দাফন করা হয়।
পরিবারের লোকজন জানান, গত ৩০ অক্টোবর শশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মোঃ আনোয়ার হোসেন। পথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দি এলাকায় সড়কের অবৈধ ‘টিলায়’ মোটর সাইকেল উল্টে গিয়ে স্ত্রী সহ আহত হন। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় রেলওয়ে তিতাস সেতু ও ডাবল লাইন নির্মাণের জন্য বালু ফেলার কাজ চলছে। এ কাজটি বাস্তবায়ন করছে ডেনকো লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠান স্থানীয় লোকজনকে দিয়ে তিতাস নদী থেকে বালু উত্তোলন ও অন্য জায়গা থেকে বালু কিনে আনছে। সদর উপজেলার চান্দি গ্রামের রাশেদ মিয়াসহ অন্যান্যরা বালু নেওয়ার জন্য ঢাকা-আগরতলা সড়কের উপর ও রেললাইনের নীচ দিয়ে পাইপ নিয়েছে। পাইপটি ঢাকতে সড়কটি এত বেশি উঁচু করা হয়েছে যে এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালেও কেউ কোনো ব্যবস্থা নেন নি।
নিহত আনু ভূঁইয়ার ভাতিজা মোঃ আজিজুল হক বলেন, ‘চাচা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে জায়গাটি উঁচু ছিল না। ফেরার পথে উঁচু স্থানটিতে মোটর সাইকেল নিয়ে পড়ে গিয়ে চাচীসহ আহত হন। এ বিষয়ে গত ১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সাধারণ ডায়রিও করা হয়। তিনি অভিযোগ করে বলেন, চান্দি গ্রামের রাশেদ মিয়াসহ অন্যান্যরা তিতাস নদী থেকে বালু তুলছেন।
বৃহস্পতিবার দুপুরে আনু ভূঁইয়ার বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। মেয়ে মীম কান্না জড়িত কণ্ঠে বলছেন, ‘বাবা কোথায় যাচ্ছে। বাবার সঙ্গে আমাকেও নিয়ে যাও’। বড় ছেলে আল-আমিন জানায়, বাবা ব্যাথা পেয়ে হাসপাতালে ভর্তি বলে জানতেন। বুধবার তিনি লাশ হয়ে ফিরেছেন।
এ ব্যাপারে আখাউড়ায় কর্মরত ডেনকো লিমিটেডের কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, ‘বালু ব্যবসায়িরা আমাদের কথা শুনেনা। তারা আমাদের কাজেও বিঘœ ঘটাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগকে অনেক আগেই বিষয়টি জানানো হয়েছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, অনেক জায়গাতেই আমাদের অনুমতি না নিয়ে স্প্রীডব্রেকার বসানো হয়। তিতাস ব্রিজের কাছে বালুর পাইপ নেওয়ার জন্য জায়গা উঁচু করার বিষয়ে আমাদের অনুমতি নেওয়া হয় নি।











