বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব ছড়াতে ব্যবহার বিদেশি ছবি

news-image

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সহিংস করতে ফেসবুকের সকল গ্রুপ, মেসেঞ্জার এবং পার্সোনাল ওয়ালে ভাইরাল হয়ে গেছে ৮টির বেশি ভিডিও। সেখানে বারবার দাবি করা হয়েছে ৪ জন মেয়েকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে।একটি ভিডিওতে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের পার্টি অফিসে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চারজন মেয়েকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং রেপ করা হয়েছে। এ ছাড়াও ধানমন্ডিতে হওয়া সংঘর্ষে প্রাথমিকভাবে দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে কিছু ভিডিওতে।

এছাড়া আন্দোলন সহিংস করতে দেশি-বিদেশি বিভিন্ন ছবি ব্যবহার করে পোস্ট দিয়ে দিচ্ছে উসকানি। শনিবার (৪ আগস্ট) ছাত্রদের আটকে রাখা ও ছাত্রীদের নির্যাতনের গুজব ছড়াতে আশ্রয় নেওয়া হয় বিদেশি ছবি। বিষয়টি নিয়ে সরব সরকারের দায়িত্বশীল অনেকে। এরকম অনেক পোস্ট প্রমাণসহ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ বিষয়ে ‘ছবির সত্যতা যাচাই’ শিরোনামে নিজের টুইটার একাউন্টে গুজবের তথ্য তুলে ধরেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক।টুইটারে পলক গুজবে ব্যবহৃত চারটি ছবির তথ্য তুলে ধরেন এবং ছবির সূত্রের লিংক দেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক তার স্ট্যাটাসে চারটি ছবির মধ্যে তিনটি ছবি বিদেশি ও একটি ছবি ঢাকার বাইরের সড়ক দুর্ঘটনার ছবি বলে নিশ্চিত করেছেন।

তিনটি বিদেশি ছবির মধ্যে একটি ছবি গত জানুয়ারি মাসে ভারতের জম্মু কাশ্মীরের কিশুওয়ারে পানিতে ভাসমান একজন নারীর মরদেহ, আরেকটি ছবি গত জুলাই মাসে কলকাতার সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের রেললাইন পাশ থেকে উদ্ধার করা এক কিশোরীর, আরেকটি ছবি মরোক্কোর তারগিন্ত অঞ্চলে গৃহনির্যাতনের শিকার হয়ে স্বামীর হাতে নিহত এক নারীর ছবি বলে জানান পলক।

চুতর্থ ছবিটি গাজীপুর বড়বাড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তার মীমের ছবি।পলক ছবিগুলোর সঙ্গে তুলনামূলক তথ্য তুলে ধরেন এবং স্ট্যাটাসে লেখেন, ছাত্র-ছাত্রী ভাই-বোন সবাইকে অনুরোধ জানাচ্ছি, আগে পড়ুন তারপর বলুন !এ গুজব ঠেকাতে তুলনামূলক তথ্য ধরে এই ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করছেন বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও সরকার সমর্থক ছাড়াও সচেতন মানুষও।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুও ছবির সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন।অপরদিকে নিরাপদ সড়ক দাবির চলমান আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে দায়ের করা এ মামলায় (মামলা নং-১) অনলাইন নিউজ পোর্টালগুলোর মধ্যে জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল৭১, বাঁশেরকেল্লা, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ এবং সনাক্ত করা ব্যক্তিদের আইডিগুলোর মধ্যে Ray han, Ariful islam Jihad, Habibur Rahman, Sabin Rahman Nomun, Saidul Apu, সাইদুল ইসলাম তহিদ, Gazi Abu Yousah, Nasif Wahid Faizal ও নুরুল হক রয়েছেন। এছাড়া কয়েকটি টুইটার ও ইউটিউব লিংকও রয়েছে বলে জানান রমনা থানার এই কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও নিউজ পোর্টালগুলো উস্কানিমূলক ছবি, ভিডিও ও লেখা পোস্ট করে ছাত্রদের আন্দোলন উসকে দিয়েছে। এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব ও ব্লগ ব্যবহার করা হয়েছে।

142 0 Share0