মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৌতিক জগতের সম্রাটের গল্প!

news-image

বর্তমান পৃথিবীতে পিশাচ কাহিনী ও ভৌতিক গল্পের জন্য সবচেয়ে বিখ্যাত লেখকটির নাম স্টিফেন কিং। তার গল্প-কাহিনী মানেই টানটান উত্তেজনা আর ভয়ে শিউরে ওঠা অনুভূতি! প্রায় ৩৫০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে তার বইগুলি। এ থেকেই তার অসম্ভব জনপ্রিয়তার পরিচয় পাওয়া যায়। শুধু কি তাই, হলিউডের বিখ্যাত হরর মুভি মানেই যেন স্টিফেন কিং। কারণ, মুভির মূল গল্পগুলো বেরিয়ে আসে এই লেখকেরই কলম থেকে।১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে জন্ম নেন স্টিফেন কিং। ডারহ্যাম এলিমেন্টারি স্কুলে শেষ করেছেন প্রাথমিক পড়াশোনা। পরে লিসবন ফলস হাই স্কুল থেকে শেষ করেছেন গ্র্যাজুয়েশন। ১৯৬৭ সালে, ‘দা গ্লাস ফ্লোর’ নামের ছোট গল্প দিয়ে শুরু করেন পেশাদার লেখালেখি।

ডাবল ডে’র মত নামকরা প্রকাশনী থেকে, ১৯৭৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ক্যারি’। ৪ লক্ষ ডলার আয় করেন তিনি এর পেপারব্যাক এডিশন থেকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে প্রকাশিত হতে থাকে দা শাইনিং, দা স্ট্যান্ড এর মত সফল উপন্যাসগুলি। এরপর শেষ করেন ডার্ক টাওয়ার সিরিজের লেখাগুলি।সব মিলিয়ে মোট আট খন্ডে শেষ হয় এই সিরিজ। পরে চলচ্চিত্রে রূপ নেয় ডার্ক টাওয়ার সিরিজ। ক্লিন্ট ইস্টউডের মত বিশ্ববিখ্যাত অভিনেতা পারফর্ম করেন ডার্ক টাওয়ার: দা গানস্লিঙ্গার মুভিতে।

দা লং ওয়াক, দি ডেড জোন এসবও লিখেছেন সত্তরের দশকে। তালিসমান, পেট সেম্যাটরি, ক্রিস্টিন এর মত পাঠকপ্রিয় উপন্যাসগুলো উপহার দিয়েছেন আশির দশকে। ইনসমনিয়া, দা গ্রিনমাইল, রোজ ম্যাডার এসব লিখেছেন নব্বইয়ের দশকে।দুইহাজার সালের পরবর্তী সময়ে, বৈশ্বিক পরিবর্তন সাপেক্ষে নিজের লেখাতেও নতুনত্ব আনেন স্টিফেন কিং। হরর এর পাশাপাশি নন ফিকশন, থ্রিলার, সাসপেন্স, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশনে দেখাতে থাকেন নিজের ক্যারিশমা। সবগুলো জনরাতেই সফল ও সার্থক হয়েছেন লেখক হিসেবে। ব্লেইজ, আন্ডার দি ডুম, রিভাইভাল, অ্যান্ড অফ ওয়াচের মত বিশ্বখ্যাত রচনা দিয়ে অর্জন করেছেন বিপুল ভালবাসা ও পাঠকপ্রিয়তা।

তার লেখা থেকে তৈরি হয়েছে দি গ্রিন মাইল, ইট, সিক্রেট উইন্ডো, স্লিপ ওয়াকারস, সিলভার বুলেট, নিডফুল থিং এর মত অজস্র চলচ্চিত্র। হরর মুভির জগতে স্টিফেন কিং এর তুলনা কেবল তিনি নিজেই। চরিত্র নির্মাণের ক্ষমতা, গল্প বলার নিজস্বতা, নিরবিচ্ছিন্ন রহস্য আর ভয়ংকর সব সিকোয়েন্স দিয়ে ঠাসা থাকে তার প্রতিটি লেখা।মৌলিকত্ব ও মননশীলতার বিচারেও ভৌতিক সাহিত্যের রাজা বলা যায় স্টিফেন কিংকে। এছাড়া ব্রাম স্টোকার অ্যাওয়ার্ড, ব্রিটিশ ফ্যান্টাসি সোসাইটি অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ডসহ অর্জন করেছেন মিস্ট্রি রাইটার্স অব অ্যামেরিকার গ্র্যান্ড মাস্টার অ্যাওয়ার্ড। এছাড়া আরো অজস্র স্বীকৃতি ও অ্যাওয়ার্ড আছে স্বনামধন্য এই সাহিত্যিকের ঝুলিতে। আগামীতে সাহিত্যে নোবেল পাওয়ার যোগ্য দাবীদার হিসেবেই বিবেচনা করা হচ্ছে স্টিফেন কিংকে।
তথ্যসূত্র: ব্রিটানিকা ডটকম ও উইকিপিডিয়া