বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশিদের বলব, আপনারা আরও বেশি করে ভারতে আসুন’

news-image

ভারতে প্রতি বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা ক্রমশই বাড়ছে। তারা ভারতে এসে কেনাকাটা ও চিকিৎসাবাবদ প্রচুর অর্থ খরচ করে থাকেন। এজন্য সে দেশের সরকার বাংলাদেশি পর্যটকদের নিয়ে দারুণ খুশি। বাংলাদেশের লোকজনকে স্বাগত জানিয়ে ভারতের পর্যটনমন্ত্রী বলেন, ‘আপনারা আরও বেশি করে ভারতে আসুন!’

ভারতের পর্যটনমন্ত্রীর মতে, পশ্চিমা পর্যটকদের চেয়ে বাংলাদেশিদের খরচ করার পরিমাণ কিন্তু কোনও অংশে কম নয়। বিবিসি বাংলাকে তিনি জানান, পাঁচতারা হোটেল বা বিমানের বিজনেস ক্লাসে না আসলেও বাংলাদেশিরা কেনাকাটায় আর মেডিকেল বিলে ভারতে একটা মোটা অঙ্কের টাকা খরচ করেন। আর সে কারণেই ভারত চাইছে সে দেশ থেকে আরও বেশি পর্যটক আসুন।

আগে ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসত যুক্তরাষ্ট্র থেকে। প্রায় বছর তিনেক ধরে আমেরিকানদের হটিয়ে সেই জায়গাটা দখল করে নিয়েছে বাংলাদেশ। ঢাকার ভারতীয় দূতাবাস থেকেই এখন বিশ্বের যে কোনও ভারতীয় মিশনের চেয়ে বেশি ভিসা মঞ্জুর হয়। প্রতি বছরই কমপক্ষে ১৬ থেকে ১৭ লক্ষ বাংলাদেশি এখন ভারতে আসছেন।

কিন্তু পশ্চিমা দেশগুলোর শ্বেতাঙ্গ পর্যটকদের মতো বেড়াতে এসে তারা অতটা খরচ করেন না বলে যে ধারণা আছে – ভারতের পর্যটনমন্ত্রী কে জে অ্যালফন্সর মতে সেটা সম্পূর্ণ ভুল। তিনি বলেন, ‘বাংলাদেশি ট্যুরিস্টরা কিন্তু এখানে এসে প্রচুর টাকা খরচ করেন। তাদের খরচের জায়গা মূলত দুটো – বিয়ের জন্য কেনাকাটা, আর মেডিকেল ট্যুরিজম। এই দুটো খাতেই তারা বিপুল খরচ করেন। কোনও কার্পণ্য না করে দুহাতে টাকা খরচ করেন। কাজেই আমি তো খুব খুশি, বাংলাদেশিদের বলব, আপনারা আরও বেশি করে আসুন!’

ইউরোপ বা উত্তর আমেরিকা থেকে যে পর্যটকরা ভারতে আসেন, তারা তাদের বাজেটের একটা বড় অংশ খরচ করেন পাঁচতারা হোটেলে কিংবা প্যালেস অন হুইলসের মতো বিলাসবহুল ট্রেনে বা পরিবহনে।

দিল্লিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটরস বা আইএটো-র প্রেসিডেন্ট প্রণব সরকার বলছিলেন, বাংলাদেশি পর্যটকদের যে খরচের প্যাটার্ন তাতে এ দেশের পর্যটন খাত হয়তো সরাসরি ততটা লাভবান হচ্ছে না; কিন্তু দেশের অর্থনীতির জন্য তা অন্যভাবে সুফল বয়ে আনছে।

তিনি আরো বলেন, বাংলাদেশিদের জন্য হসপিটালিটি ইন্ডাস্ট্রির হয়তো তেমন লাভ নেই। কারণ অনেক সময়ই তারা হয়তো চেনাশোনা বা আত্মীয়স্বজনের বাড়িতেই থাকছেন এবং লো বাজেটেই তাদের চলে যাচ্ছে। একজন ইউরোপিয়ান ট্যুরিস্ট যদি গড়ে দৈনিক একশো ডলার খরচ করেন, বাংলাদেশিরা কিন্তু কুড়ি থেকে পঁচিশ ডলারের মধ্যেই খরচটা সীমিত রাখছেন। মানে ইউরোপীয়দের তুলনায় গড়ে একজন বাংলাদেশি আমাদের পর্যটন খাতে মাত্র পঁচিশ শতাংশ খরচ করছেন।

‘কিন্তু তারা সেটা পুষিয়ে দিচ্ছেন অন্য জায়গায়। বিয়ের কেনাকাটার নানা জিনিসপত্র বিপুল পরিমাণে কিনে আর মেডিকেল ট্যুরিজমের জন্য যারা আসছেন, তারা হাসপাতালের বিল মিটিয়ে মোট খরচের অঙ্কটা হরেদরে পশ্চিমাদের মতো সেই একই দাঁড়াচ্ছে। ফলে খরচের পরিমাণ পশ্চিমাদের মতো সেই একই দাঁড়াচ্ছে’, বলছিলেন প্রণব সরকার।

এছাড়া আজমির শরিফের মতো পবিত্রস্থান পরিদর্শনে গিয়েও অনেক অর্থ খরচ করেন একদল বাংলাদেশি।

এ সম্পর্কে কলকাতার হিন্দুস্তান ট্র্যাভেলসের শিবানী ভট্টাচার্য বলেন, পশ্চিমা পর্যটকদের মধ্যে একটা বড় অংশ থাকে ব্যাকপ্যাকার বা খুব কম বাজেটের পর্যটক। তারা ধরতে গেলে কেনাকাটাই করেন না। অন্য শ্বেতাঙ্গ পর্যটকদের মধ্যেও কেনাকাটার বাতিক অতটা থাকে না। কিন্তু এদিক দিয়ে বাংলাদেশিরা ব্যতিক্রম।

তার কথায়, ‘কলকাতায় আসা বাংলাদেশিদের প্রধান টার্গেটই থাকে শপিং। তাদের জন্য ট্র্যাভেল প্ল্যান করার সময় আমাদের সব সময় বলা হয়, অন্তত একটা পুরো দিন যেন কেনাকাটার জন্য বরাদ্দ থাকে! আসলে কলকাতায় আধুনিক ফ্যাশনেবল জামাকাপড় ও অন্যান্য আরও নানা জিনিস ঢাকার তুলনায় সস্তায় পাওয়া যায়, এই ধারণা থেকেই বোধহয় সেটা করা হয়!’

তিনি আরো বলেন, ‘পশ্চিমা দেশের পর্যটকরা যে একেবারে কেনাকাটা করেন না, তা নয়। তারা যত বেশি সম্ভব ঘুরতে চান। কিন্তু বাংলাদেশের লোকজন ব্যাগ ব্যাগ বোঝাই করে কিনে নিয়ে যান।’

এ কারণে পুরনো দৃষ্টিভঙ্গী পাল্টাচ্ছে ভারতের পর্যটন বিভাগ। আগে তাদের বিজ্ঞাপনী ক্যাম্পেন, প্রোমো বা রোড শো তির হত পশ্চিমা দেশের পর্যটকদেরই টানার চেষ্টা করে। কিন্তু এখন তাদের টার্গেট পশ্চিমা নয়, বাংলাদেশের নাগরিক। বলছিলেন পর্যটনমন্ত্রী কে জে অ্যালফন্স।

তার ভাষায়, ‘আমার দেশে সাদা, কালো না বাদামি চামড়ার পর্যটক আসলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। যতক্ষণ না তারা এদেশে কর্মসংস্থান তৈরি করছেন। আমার পকেটে টাকা আসছে আর ভারতকে দেখে তারা বলছেন ‘বাহ্, কি সুন্দর দেশ’ তাতেই আমরা খুশি।’ আর এজন্যই বাংলাদেশি পর্যটকদের তার এত পছন্দ!

এ ক্ষেত্রে তার যুক্তি হলো: ‘আর বাংলাদেশিরা ভারতে আসবেন না কেন বলুন! এত কম খরচে এত ভাল ডাক্তার আর চিকিৎসা পরিষেবাই বা তারা কোথায় পাবেন? আমেরিকা-বিলেতের চেয়ে অনেক কম খরচে তারা এখানে দারুণ চিকিৎসা পাবেন।’

মাত্র দিনকয়েক আগেই ঢাকায় উদ্বোধন হয়েছে সারা বিশ্বের মধ্যে ভারতের বৃহত্তম ভিসা সেন্টার, বাংলাদেশিদের জন্য অনেক শিথিলও করা হয়েছে ভারতীয় ভিসার কড়াকড়ি। আর পর্যটনমন্ত্রীর কথা থেকেই তো এটা স্পষ্ট, বাংলাদেশি পর্যটক টানতে কেন এত মরিয়া চেষ্টা চালাচ্ছে ভারত!

কলকাতার নিউ মার্কেট কেনাকাটার জন্য বাংলাদেশিদের খুব প্রিয়

সূত্র: বিবিসি বাংলা