বিয়ে বাতিলের প্রস্তাবে এলাকাবাসীর কাণ্ড!
দেড় বছর ধরে সম্বন্ধ দেখার পর অবশেষে ঠিক হলো বিয়ে। কিন্তু, বাদ সাধলো বেহাল রাস্তা। পাত্রের গাড়ি যাওয়ার উপায় নেই, কনে বাড়ি যাওয়ার জন্য। ফলে বিয়ে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হল।
গ্রামবাসীরা শেষ পর্যন্ত বাঁশ ফেলে, বালির বস্তা দিয়ে হাতে হাতে পাত্রের গাড়ি যাওয়ার ‘রাস্তা’ তৈরি করলেন। ফলে ‘লগ্নভ্রষ্টা’ হওয়ার হাত থেকে বাঁচল কনে। অবশেষে হাসি ফুটল কন্যাদায়গ্রস্ত বাবার মুখে।
ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, রাজগঞ্জের মাঝাবাড়ি গ্রামের বাসিন্দা সুরেশ রায়। মেয়ে বিয়ে দেয়ার জন্য প্রায় দেড় বছর ধরে ঘটকের মাধ্যমে সম্বন্ধ দেখছিলেন। কিন্তু কিছুতেই মন মতো পাত্রের সন্ধান মিল ছিল না। অবশেষে মেয়ের জন্য সুযোগ্য পাত্র খুঁজে পান তিনি। এরপর অনেক কথাবার্তার পর তিনি মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করেন। শুরু হয়ে যায় বিয়ের তোড়জোর।
গত বৃহস্পতিবার রাতেই ছিল বিয়ে। মেয়ের বিয়ে উপলক্ষে নীল-লাল কাপড়ের প্যান্ডেল বাঁধা বাড়িতে তখন লোকজনে ভরপুর। জোর কদমে বিয়ের প্রস্তুতি চলছে। এসময় হঠাৎই মেয়ের বাবা সুরেশ রায়ের কাছে একটা ফোন আসে। ফোনটা ধরা মাত্রই বিয়ে বাড়িতে গ্রাস করে শূন্যতা। মুহূর্তের মধ্যেই যেন সব আনন্দ নিমেষে মাটিতে মিশে যাওয়ার অবস্থা প্রায়, বিয়ে বাড়ি জুড়ে তখন শুধুই নিস্তব্ধতা বিরাজ করছে।
সুরেশ রায়ের কাছে ফোনটা এসেছিল পাত্রের বাড়ি থেকে। ছেলের বাড়ির লোকজন বলেন, মেয়ের বাড়ির গ্রামের রাস্তা খুবই খারাপ। এই রাস্তা দিয়ে বরের গাড়ি কোনোভাবেই যেতে পারবে না। এই ফোনের পরই মাথায় আকাশ ভেঙে পড়ে কনের বাবার। পরিস্থিতি এমন যে, বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়।
তবে এই খবর ওই এলাকার মানুষের মুখে মুখে দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর আর বেশি সময় লাগেনি রাস্তা ঠিক করতে। নিজ গ্রামের মেয়ের বিয়ে বাঁচাতে তারা কোমর বেঁধে কাজে ঝাঁপিয়ে পড়েন ওই এলাকার ছেলে থেকে বুড়ো সবাই। এসময় তারা বাঁশ ফেলে, বালির বস্তা চাপিয়ে হাতে হাতেই ‘রাস্তা’ তৈরি করে ফেলেন। অবশেষে সেই রাস্তা দিয়েই কনেকে বিয়ে করতে আসে বর। বৃহস্পতিবার রাতেই নির্দিষ্ট লগ্নেই চার হাত এক হয়।











