‘কোন বাথরুমে যাবি, ছেলেদের না মেয়েদের’
ভিতরে কেউ নেই। তারপরও অফিসের বাথরুমের সামনে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। ভিতরে ঢুকতে চেয়ে শত অনুরোধের পরেও সহকর্মীদের কাছ থেকে একটাই প্রশ্ন ছুটে আসছে বারবার, ‘তুই কোন বাথরুমে যাবি, আগে বল। ছেলেদেরটায় না মেয়েদেরটায়?’
এ ঘটনায় বসের কাছে অভিযোগ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সোদপুরের বাসিন্দা সোনালি রায়। সব শুনে সে দিন তাকে নিজের বাথরুমটা ব্যবহার করতে দিয়েছিলেন বস। পরে তো তার চাকরিটাই চলে যায় তার।
সেক্টর ফাইভের এক তথ্যপ্রযুক্তি সংস্থায় মাস তিনেক কাজ করার সুযোগ পেয়েছিলেন তৃতীয় লিঙ্গর সোনালি। সেখানে নানা তিক্ত অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাকে। ‘আমি কী কাজ করতে পারি, তা কেউ দেখতে চায়নি কখনও। আমি ছেলে না মেয়ে— সে দিকেই ছিল সকলের নজর। প্রতিদিন অপমানিত হতে হতে আর পেরে উঠছিলাম না। এক দিন অফিস জানিয়ে দিল, আমাকে আর দরকার নেই।’বলছিলেন সোনালি।
সোনালির দাবি, ‘আমাদের জন্য শুধু আইনই আছে। কার্যক্ষেত্রে তার কোনও ব্যবহার নেই। আমরা কাজ করে খেতে পারছি না। বেঁচে থাকাটাই আমাদের জন্য মস্ত ব়ড় চ্যালেঞ্জ।’
যদিও তৃতীয় লিঙ্গের মানুষদেরও অন্য আর পাঁচ জনের মতো সমান অধিকার আছে বলে ঘোষণা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু সেই নির্দেশিকা পশ্চিমবঙ্গ রাজ্যে খাতায়-কলমেই রয়ে গিয়েছে। বাস্তবে প্রতি পদেই তৃতীয় লিঙ্গের মানুষেরা নানা রকম বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। ২০১৫ সালে এ রাজ্যেই প্রথম তৈরি হয় ‘ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড’। তাতে অবশ্য রূপান্তরকামীদের সমস্যার সুরাহা হয়নি। তাদের একটা বড় অংশেরই অভিযোগ, ওই ওয়েলফেয়ার বোর্ডও রূপান্তরকামীদের আর পাঁচ জনের মতো কাজ করে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করতে পারেনি।
স্কুলে চাকরি খুঁজতে গিয়ে সেই অভিজ্ঞতাই হয়েছে রূপান্তরকামী সুচিত্রা দে-র। ইংরেজিতে ডবল এমএ, বিএড সুচিত্রাকে ইন্টারভিউ চলাকালীন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি শিশুর জন্ম দিতে পারবেন কি না। জন্মের পরে সন্তানকে তিনি মাতৃদুগ্ধ পান করাতে সক্ষম কি না, তা-ও জানতে চাওয়া হয়েছিল। যদিও সুচিত্রার সিভি দেখেই তাকে ইন্টারভিউতে ডেকেছিল কয়েকটি স্কুল। তবে ইন্টারভিউতে পড়াশোনা নিয়ে তাকে কোনও প্রশ্নই করা হয়নি। সবার কৌতুহল ছিলো তার লিঙ্গ পরিচয় নিয়ে।
সূত্র: আনন্দবাজার











