টিল্টির যত চিন্তা!
লাইফস্টাইল ডেস্ক :ডাক্তার টিল্টির নানুকে প্রতিদিন দুই কিলোমিটার সবুজ ঘাসের ওপর হাঁটতে বলেছেন খালি পায়ে। চিন্তায় পড়ে গেছে টিল্টি। ঢাকা শহর ঘুরে আধা কিলোমিটার খালি পায়ে হাঁটার মতো সবুজ ঘাস পায়নি ও। দু’দিন নানুকে নিয়ে পাশের ছোট্ট মাঠে হাঁটতে গিয়েছিল। কিন্তু সেই মাঠেও ঘাস খুব কম। দু’চক্কর মেরে নানু বসে পড়ে বলেছিলেন, ‘ঘাস কই? এতো দেখি খালি চোক্খা চোক্খা ইট!’ এক রাতের চিন্তায় টিল্টি জুতা আবিষ্কারের মতো পথ আবিষ্কার করে ফেলেছে। পুরনো স্পঞ্জের স্যান্ডেলকে মাঝ খান দিয়ে কেটে সেখানে সবুজ ঘাসের চাক মাটিসহ সেট করে দিয়েছে। প্রতিদিন ‘ঘাস স্যান্ডেলে’ পানি দেয়, পরিচর্যা করে টিল্টি। আর বিকেলে নানুকে সেই সবুজ প্রাকৃতিক স্যান্ডেল পরিয়ে পাকা রাস্তা দিয়ে দু’মাইল হাঁটিয়ে আনে। ডাক্তার শুনে বলেছে বিষয়টি ভয়াবহ রকম চমৎকার। উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানাবেন। টিল্টির ভাগ্যে কোন পুরস্কার জুটে যেতেও পারে। আজকাল তো অনেক ভিআইপি টাকা-পয়সা খরচ ও লবিং করেও পুরস্কার পায় না- টিল্টির মতো ছোট্ট মেয়ে একজোড়া স্যান্ডেল দিয়ে তা পেলে দেশেরই সুনাম বয়ে আনবে!










