বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের ৭৫ বছর পর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন এই দম্পত্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে লন্ডনের একটি নাচ ঘরে পরিচয় হয় তাদের। পরের বছর বিয়ে। ৭৫ বছরের দাম্পত্য শেষে অবশেষে পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন দুজন। আর তারা হলেন বিট্রিশ নারী জীন স্পিয়ার আর কানাডিয়ান নাগরিক জর্জ স্পিয়ার।

গত শুক্রবার সকালে কানাডার অটোয়ায় কুইনস কার্লটন হাসপাতালে প্রথমে মারা যান ৯৪ বছর বয়সী মিসেস স্পিয়ার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আর কয়েক ঘণ্টার মধ্যে ব্যবধানে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে একই হাসপাতালে মারা যান জর্জ স্পিয়ার। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

২০১১ সালে বিট্রিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজের কানাডা সফরের সময় সাক্ষাৎ পাওয়া এই দম্পতির হেদার আর ইয়ান নামে দুই সন্তান রয়েছে।

হেদার স্পিয়ার অটোয়ার এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ঘটনার আকষ্মিকতায় আমরা বিহ্বল হয়ে পড়েছি। কোনো যুক্তিই তাদের এমন মৃত্যুকে ব্যাখ্যা করতে পারবে না। একটুখানি শান্তি অনুভব করতেই এই গল্প আমরা অন্যদের জানিয়েছি।’

কানাডিয়ান ইঞ্জিনিয়ার কোরে কর্মরত থাকার সময় ১৯৪১ সালে জর্জের সঙ্গে পরিচয় হয় জীনের। পরের বছরের ২২ আগস্ট জীনের শহর কিংস্টনে তারা বিয়ে করেন। ১৯৪৪ সালে ব্রিটেন ছেড়ে কানাডায় বসতি গড়েন জীন। সেসময় জর্জ কর্মসূত্রে চলে যেতে বাধ্য হন ইতালিতে। পরে তিনি ফিরে আসেন।

বিবিসি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় সেনা সদস্যদের বিয়ে করে প্রায় ৫০ হাজার নারী কানাডায় চলে আসেন। তাদের মধ্যে একজন হলেন জীন।